জামিনে মুক্তি পেলেন নির্দোষ যুবক এরশাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুরে পুলিশের দায়িত্বহীনতায় অপরাধ না করেও কারাগারে আটক থাকাকালীন সংঘটিত একটি হত্যাকাণ্ডের ভিন্ন মামলায় জড়িত থাকার অভিযোগে দীর্ঘ সাড়ে তিন মাস কারাবাস করলেন ২৪ বছরের যুবক মো. এরশাদ আলী। অবশেষে গতকাল বৃহস্পতিবার দুপুরে আদালতের নির্দেশে তিনি কারাগার থেকে জামিনে মুক্তি পান। জামিনে মুক্ত এরশাদ আলী ময়মনসিংহ জেলার সদর উপজেলার অষ্টধর কুঠুরাকান্দা গ্রামের ওমর আলীর ছেলে। কয়েক বছর ধরে তিনি শেরপুরের নকলা উপজেলার টালকি গ্রামে বসবাস করছেন। আদালত ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০১১ সালের ১৬ মে শেরপুর-নকলা মহাসড়কের পাইসকা এলাকায় অজ্ঞাতনামা দুর্বৃত্তদের দ্বারা একটি ছিনতাইয়ের ঘটনা ঘটে। এ ঘটনায় দায়ের করা মামলায় সন্দেহভাজন হিসেবে ওই বছরের ১৪ জুন এরশাদ আলীকে নকলা থানার পুলিশ গ্রেপ্তার করে শেরপুর জেলা কারাগারে পাঠায়। ছিনতাই মামলায় দীর্ঘ চার মাস ১০ দিন হাজতবাসের পর ২০১১ সালের ২৭ সেপ্টেম্বর শেরপুরের জেলা ও দায়রা জজ আদালতের নির্দেশক্রমে তিনি (এরশাদ) জামিনে মুক্তি পান। পরবর্তী সময়ে ওই বছরের ২০ অক্টোবর শেরপুর সদর থানার উপপরিদর্শক মোহাম্মদ আলী সদর থানার হত্যা মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে এরশাদ আলীকে গ্রেপ্তার করেন এবং আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠান।