জামিনে মুক্তি পেলেন ফটোসাংবাদিক ইদ্রিস আলী
ব্লগার অনন্ত বিজয় দাশ (৩২) হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া দৈনিক সংবাদ-এর সিলেটের ফটোসাংবাদিক ইদ্রিস আলী জামিনে মুক্তি পেয়েছেন। গতকাল বুধবার সিলেটের মহানগর দায়রা জজ মো. আকবর হোসেন মৃধার আদালতে তাঁর পক্ষের আইনজীবীরা জামিন আবেদন করেন। ঘটনার তদন্ত করে আদালতে অভিযোগপত্র দাখিলের আগ পর্যন্ত ইদ্রিসের জামিন মঞ্জুর করেন আদালত।
দৈনিক সংবাদ-এর সিলেট কার্যালয়ের বিশেষ প্রতিনিধি আকাশ চৌধুরী প্রথম আলোকে বলেন, জামিন-সংক্রান্ত কাগজপত্র আদালত থেকে বিকেলে সিলেট কেন্দ্রীয় কারাগারে পৌঁছালে সন্ধ্যায় ইদ্রিস কারামুক্ত হন।
গত ১২ মে সকালে নগরের সুবিদবাজারের নূরানী আবাসিক এলাকার চৌরাস্তা মোড়ে দুর্বৃত্তদের হাতে খুন হন অনন্ত। তিনি বিজ্ঞান বিষয়ে লেখালেখি করতেন। তাঁকে উগ্র ধর্মান্ধ গোষ্ঠী পরিকল্পিতভাবে খুন করেছে এমন অভিযোগ এনে অনন্তের বড় ভাই রত্নেশ্বর দাশ বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে সিলেট মহানগর পুলিশের বিমানবন্দর থানায় মামলা করেন।