জামিনে মুক্তি পেলেন বিএনপির নেতা রুহুল কুদ্দুস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দীর্ঘ ১৩ মাস ১৩ দিন পর আজ মঙ্গলবার কারাগার থেকে জামিনে মুক্তি পেলেন বিএনপির কেন্দ্রীয় স্বনির্ভরবিষয়ক সম্পাদক ও সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু।
নাটোর শহর যুবলীগের নেতা পলাশ কর্মকার (২৫) খুনের মামলায় ২০১২ সালের ৮ ডিসেম্বর পুলিশ তাঁকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠায়।
নাটোর জেলা কারাগার সূত্রে জানা যায়, গত রোববার হাইকোর্টের বিচারপতি বোরহান উদ্দিন ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত বেঞ্চ রুহুল কুদ্দুসকে ছয় মাসের জামিন মঞ্জুর করেন। জামিনের আদেশ বিশেষ বাহক মারফত আজ সকালে নাটোরের মুখ্য বিচারিক হাকিমের আদালতে এসে পৌঁছে। সেখান থেকে দুপুরে নাটোর কারাগারে রুহুল কুদ্দুসের ছাড়পত্র পাঠানো হয়। ছাড়পত্র পাওয়ার পরপরই কারা কর্তৃপক্ষ ছাড়পত্রটি রাজশাহী কারাগারের মাধ্যমে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। পরে বেলা তিনটায় তাঁকে মুক্তি দেওয়া হয়।
মুক্তি পাওয়ার পর বিকেলেই রুহুল কুদ্দুস নাটোর গিয়ে জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে উপস্থিত নেতা-কর্মীদের উদ্দেশে বক্তব্য দেন। তিনি বলেন, ‘আওয়ামী লীগ সরকার মিথ্যা মামলায় আমাকে দীর্ঘদিন অন্যায়ভাবে আটক রেখেছিল। উচ্চ আদালত আমাকে এর আগেও এই মামলায় একাধিকবার জামিন দিয়েছিলেন। কিন্তু সরকারের ইঙ্গিতে জামিনের আদেশ বারবার স্থগিত হয়ে যায়। আমার প্রতি নাটোরবাসীর অকুণ্ঠ সমর্থন থাকায় আওয়ামী লীগ ষড়যন্ত্র করে আমাকে আটকে রেখেছিল।’
রুহুল কুদ্দুসের আইনজীবী আমিনুল হক হেলাল বলেন, সরকার পক্ষ গতকাল সোমবার হাইকোর্টের দেওয়া জামিনাদেশ স্থগিত চেয়ে সুপ্রিম কোর্টের চেম্বার জজের কাছে আবেদন করেন। শুনানি শেষে বিচারক আবেদনটি নাকচ করেন।
নাটোর কারাগারের তত্ত্বাবধায়ক প্রশান্ত কুমার বণিক রুহুল কুদ্দুসের মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন।
২০১২ সালের ৮ ডিসেম্বর রাতে রুহুল কুদ্দুস তালুকদারের আলাইপুরের বাসার সামনে দুর্বৃত্তদের গুলিতে শহর যুবলীগের যুগ্ম সম্পাদক পলাশ কর্মকার নিহত হন। এ ঘটনায় পুলিশ ওই রাতেই তাঁকে নিজ বাসা থেকে গ্রেপ্তার করে। জেলা বিএনপি তাঁর মুক্তির দাবিতে দীর্ঘদিন ধরে হরতালসহ নানা ধরনের কর্মসূচি পালন করে আসছে।