জামিনে মুক্তি পেলেন মির্জা ফখরুল
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ৫৬ দিন কারাবন্দী থাকার পর গতকাল মঙ্গলবার জামিনে মুক্তি পেয়েছেন। বিকেল পাঁচটায় গাজীপুরের কাশিমপুর কারাগার পার্ট-২ থেকে তিনি মুক্তি পান। দলের বিপুলসংখ্যক নেতা-কর্মী তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।মুক্তির পর প্রথমে কারা ফটকে এবং পরে বিএনপির চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মির্জা ফখরুল। কারা ফটকে তিনি বলেন, ‘বাংলাদেশের মুক্তির সংগ্রাম চলছে। হত্যা, গুম কিংবা বন্দী করে বিরোধী দলের আন্দোলনকে দাবিয়ে রাখা যাবে না। খালেদা জিয়ার নেতৃত্বে যে আন্দোলন শুরু হয়েছে, তা চলবে। এর মাধ্যমেই এই ব্যর্থ সরকারের পতন ঘটবে।’রাত সোয়া নয়টায় গুলশানের কার্যালয়ে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ শেষে মির্জা ফখরুল বলেন, ‘সরকার বিরোধী দলের রাজনীতি নির্মূল করার জন্য সব ধরনের চেষ্টা করছে। জনগণ সব সময় গণতন্ত্রের অধিকার রক্ষার লড়াইয়ে জয়ী হয়েছেন, এবারের লড়াইয়েও জয়ী হবেন।’গত বছরের ১০ ডিসেম্বর রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে মির্জা ফখরুলকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ গ্রেপ্তার করে। আগের দিন ৯ ডিসেম্বর ১৮ দলের রাজপথ অবরোধ কর্মসূচি চলাকালে গাড়িতে আগুন ও ভাঙচুরের অভিযোগে করা ৩৭টি মামলার মধ্যে পল্টন ও শেরেবাংলা নগর থানার দুটি মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়। পল্টন ও শেরেবাংলা নগর থানার দুটি মামলায় তিনি গত ২ জানুয়ারি হাইকোর্ট থেকে জামিন পান। কিন্তু সেদিনই সূত্রাপুর ও মতিঝিল থানার দুটি মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়। সর্বশেষ কলাবাগান থানায় করা মামলায় গত সোমবার হাইকোর্ট তাঁকে ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন দেন।গতকাল বিকেলে মির্জা ফখরুলের জামিনের কাগজপত্র হাইকোর্ট থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পৌঁছার পর সেখানকার অনুমোদন শেষে কাশিমপুর কারাগারে পাঠানো হয়। আনুষঙ্গিক যাচাই শেষে তাঁকে মুক্তি দেওয়া হয়। এ সময় মির্জা ফখরুলের স্ত্রী রাহাত আরা বেগমসহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। মুক্তি পেয়ে তিনি প্রথমে তাঁর উত্তরার বাসায় যান।ফখরুল মুক্তি পাচ্ছেন, এমন খবরে শত শত নেতা-কর্মী কারা ফটকে সমবেত হন। এ সময় বিএনপির নেতা শামসুজ্জামান দুদু, এম এ মান্নান, গাজীপুর জেলা বিএনপির সভাপতি ফজলুল হক, সাধারণ সম্পাদক কাজী সাইয়েদুল আলম, কালিয়াকৈর পৌর বিএনপির সাধারণ সম্পাদক মজিবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।