জঙ্গি অর্থায়নের অভিযোগে সন্ত্রাস দমন আইনের দুই মামলায় গ্রেপ্তার সুপ্রিম কোর্টের আইনজীবী শাকিলা ফারজানা জামিনে মুক্তি পেয়েছেন। আজ মঙ্গলবার বিকেলে সাড়ে পাঁচটায় চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান। শাকিলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের যুগ্ম সম্পাদক এবং বিএনপির সাবেক হুইপ সৈয়দ ওয়াহিদুল আলমের মেয়ে।
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের উপকারাধ্যক্ষ আমিরুল ইসলাম আজ বিকেলে প্রথম আলোকে বলেন, উচ্চ আদালত থেকে শাকিলা ফারজানার জামিননামা কারাগারে এসে পৌঁছানোর পর তা যাচাই-বাছাই করা হয়। পরে তাঁকে মুক্তি দেওয়া হয়।
‘শহীদ হামজা ব্রিগেড’ নামের চট্টগ্রামভিত্তিক জঙ্গি সংগঠনকে অর্থায়নের অভিযোগে শাকিলাসহ তিন আইনজীবীকে গত বছরের ১৮ আগস্ট ঢাকা থেকে গ্রেপ্তার করে র্যাব। পরে চট্টগ্রামের হাটহাজারী ও বাঁশখালী থানায় করা সন্ত্রাস দমন আইনের দুই মামলায় তিন আইনজীবীকে গ্রেপ্তার দেখানো হয়। তদন্ত শেষে র্যাব দুই থানার মামলায় তিন আইনজীবীকে অভিযুক্ত করে অভিযোগপত্র দেয়। গত বছরের ১২ ডিসেম্বরে জামিনে মুক্তি পান বাকি দুই আইনজীবী মো. হাছানুজ্জামান ও মাহফুজ চৌধুরী।
ঘটনার পর শাকিলার আইনজীবী আবদুস সাত্তার সাংবাদিকদের জানান, মামলার পরিচালনার জন্য মক্কেলের কাছ থেকে টাকা নিয়ে পরে তা ফেরত দেন। তাঁরা মনিরুজ্জামান ওরফে ডন নামের কোনো ব্যক্তিকে চেনেন না। কোনো আইনজীবী মক্কেলকে টাকা ফেরত দিলে তিনি জঙ্গি হতে পারেন না।