জামিনে মুক্তি পেলেন শীর্ষ সন্ত্রাসী 'কসাই সিরাজ'
জামিনে মুক্তি পেলেন দক্ষিণাঞ্চলের অন্যতম শীর্ষ চরমপন্থী সন্ত্রাসী সিরাজ বাহিনীর প্রধান সিরাজ মণ্ডল ওরফে কসাই সিরাজ। গত সোমবার সন্ধ্যায় ঝিনাইদহ জেলা কারাগার থেকে তিনি মুক্তি পান।
কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমবাড়িয়া গ্রামের মৃত মোসলেম মণ্ডলের ছেলে সিরাজ। তিনি চরমপন্থী সংগঠন জাসদ গণবাহিনীর অন্যতম প্রধান ছিলেন। ১৯৯৯ সালের ২৩ জুলাই কুষ্টিয়া স্টেডিয়ামে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ নাসিমের হাতে একটি এসএমজি জমা দিয়ে তিনি আত্মসমর্পণ করেন। একই সময় তাঁর ১০৬ জন ঘনিষ্ঠ সহযোগীও ৬৩টি অস্ত্র জমা দিয়ে আত্মসমর্পণ করেন। সেই থেকে তিনি কারাগারে ছিলেন।
প্রশাসনের কয়েকজন কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা গেছে, সিরাজের নামে কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহে ১৮-২০টি মামলা ছিল। এর বেশির ভাগ মামলাতেই কোনো সাক্ষী পাওয়া যায়নি। তাঁর বিরুদ্ধে অনেকে সাক্ষী দিতে সাহস পাননি। এ কারণে অনেক মামলা থেকে তিনি আগেই অব্যাহতি পেয়েছেন। কিন্তু কারাগার থেকে বের হতে ভয় পেতেন। নিজের স্ত্রীর দায়ের করা একটি নারী নির্যাতন ও অপর একটি হত্যা মামলায় তিনি কারাগারে থেকেছেন। অবশেষে সরকারদলীয় কয়েকজন শীর্ষ নেতার সবুজ সংকেত পাওয়ার পর তিনি জেল থেকে বের হওয়ার সিদ্ধান্ত নেন।
সিরাজের মুক্তির বিষয়টি নিশ্চিত করে ঝিনাইদহ জেলা কারাগারের জেল সুপার ইকবাল হোসেন জানান, দুটি মামলায় সিরাজ এখানে ছিলেন। ওই দুটি মামলায় জামিন পাওয়ার পর তিনি ছাড়া পেলেন।
নাম প্রকাশ না করার শর্তে পুলিশের এক কর্মকর্তা বলেন, সিরাজ মুক্তি পাওয়ার পর ঝিনাইদহ পুলিশের একটি দল তাঁকে জেলগেট থেকে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। পরে রাতে কুষ্টিয়া পুলিশের কাছে তাঁকে হস্তান্তর করা হয়।