জামিনে মুক্তি পেলেন সাংবাদিক মিজানুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিজানুর রহমান
মিজানুর রহমান

পুলিশ ও আওয়ামী লীগ নেতাদের বানোয়াট ও হয়রানিমূলক মামলায় গ্রেপ্তারের প্রায় আড়াই মাস পর জামিনে কারাগার থেকে মুক্তি পেলেন সাংবাদিক এ বি এম মিজানুর রহমান।
উচ্চ আদালতের এক আদেশে গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে পটুয়াখালী জেলা কারাগার থেকে মুক্তি পান প্রথম আলোর বাউফল উপজেলার এই প্রতিনিধি। মিজানুরকে অভ্যর্থনা জানাতে এ সময় তাঁর বয়োবৃদ্ধ বাবা ছাড়াও স্ত্রী, সন্তানসহ পরিবারের অন্য সদস্য, সহকর্মী সাংবাদিক ও শুভাকাঙ্ক্ষীরা জেলগেটে উপস্থিত ছিলেন।
গত ২৫ মে হাইকোর্টের বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি মো. খসরুজ্জামানের সমন্বয়ে গঠিত বেঞ্চ মিজানুরের বিরুদ্ধে করা দুটি মামলাতেই তাঁকে জামিনের আদেশ দেন। পটুয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. রফিকুল ইসলামের আদালতে গতকাল সকালে এ আদেশ পৌঁছায়। পরে জামানতনামা দাখিল শেষে মিজানুরকে কারাগার থেকে মুক্তির নির্দেশ দেওয়া হয়।
গত ১৭ মার্চ রাতে বাউফল উপজেলার কালাইয়ার ল্যাংড়া মুন্সির পোল এলাকায় এক পুলিশ সদস্যের সঙ্গে তর্কাতর্কি হয় মিজানের। ঘটনাস্থলেই এর মীমাংসা হলেও পুলিশের ঊর্ধ্বতন কর্তাব্যক্তির নির্দেশে রাতেই তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।
সরকারি কাজে বাধাদান ও পুলিশের ওপর হামলার অভিযোগে ওই রাতে বাউফল থানায় তাঁর বিরুদ্ধে একটি সাজানো মামলা করা হয়। পরে হাতকড়া পরিয়ে থানায় রাতভর চালানো হয় নির্যাতন। যথাযথ চিকিৎসা না দিয়েই এরপর পাঠানো হয় কারাগারে। এ মামলার পর উপজেলা আওয়ামী লীগের এক নেতার দায়ের করা পুরোনো আরেক চাঁদাবাজির মামলায় মিজানুরকে গ্রেপ্তার দেখানো হয়।
২২ মার্চ মিজানুরকে পটুয়াখালীর দ্বিতীয় বিচারিক হাকিম এ এস এম তারিক শামসের আদালতে হাজির করার পর আদালত তাঁর জামিন নামঞ্জুর করেন। এ আদেশের বিরুদ্ধে জেলা ও দায়রা জজ আদালতে আবেদন করা হয়। শুনানি শেষে আদালত মিজানুরের স্বাস্থ্য পরীক্ষায় মেডিকেল বোর্ড গঠন এবং ৩১ মার্চের মধ্যে এ-সংক্রান্ত প্রতিবেদন দাখিল করার নির্দেশ দিয়ে শুনানির জন্য ১ এপ্রিল পরবর্তী দিন ধার্য করেন। ইতিমধ্যে গত ২৩ মার্চ মিজানুরের বাবা হাইকোর্টে একটি রিট করেন।
১ এপ্রিল পটুয়াখালী জেলা ও দায়রা জজ আদালতের বিচারক বিমল চন্দ্র সিকদার মিজানুরের জামিন আবেদনের ওপর শুনানিতে বলেন, (মিজানুরের ওপর নির্যাতন-সংক্রান্ত) কী কী বিষয়ে উচ্চ আদালত রুল দিয়েছেন, রুলে জামিনের বিষয় উল্লেখ আছে কি না, তা এ আদালতের জানা প্রয়োজন। রুলের কপি দাখিলপূর্বক আদালত ফের শুনানির জন্য ১৫ এপ্রিল তারিখ ধার্য করেন। তবে এ দিন বিমল চন্দ্র সিকদার জামিন শুনানিতে অপারগতা প্রকাশ করে জামিন আবেদনটি নথিভুক্ত করার আদেশ দেন। এরপর গত ২৫ মে হাইকোর্টের উল্লেখিত দুই বিচারপতির বেঞ্চ মিজানুরের জামিনের আদেশ দেন।
মিজানুরের বাবা আবদুস সালামের অভিযোগ, বিভিন্ন সময়ে ক্ষমতাসীন আওয়ামী লীগের লোকজনের অনিয়ম তুলে ধরে প্রতিবেদন প্রকাশ করায় তাঁকে ওই মামলায় জড়ানো হয়। এর আগেও বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে হয়রানির চেষ্টা করা হয় তাঁকে।