জামিনে মুক্তি পেলেন সাংবাদিক রাজু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তথ্যপ্রযুক্তি আইন ও চাঁদাবাজির পৃথক দুই মামলায় গতকাল বুধবার ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালত থেকে জামিন পেয়েছেন সাংবাদিক আহমেদ রাজু। জামিন পাওয়ার পর বিকেলে আদালতের হাজতখানা থেকে তিনি মুক্তি পান বলে প্রথম আলোকে জানিয়েছেন তাঁর আইনজীবী তরিকুল ইসলাম।
আদালত সূত্র জানায়, গত মঙ্গলবার পল্টন থানায় করা চাঁদাবাজির মামলায় সাংবাদিক রাজুকে এক দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দেন আদালত। এর আগে রমনা থানায় করা তথ্যপ্রযুক্তি আইনের মামলায়ও রাজুকে এক দিনের রিমান্ডে নেয় পুলিশ।
পুলিশ বলছে, মিথ্যা সংবাদ প্রকাশের মাধ্যমে ওয়ালটনের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগে গত শনিবার রমনা থানায় তথ্যপ্রযুক্তি আইনে মামলাটি করেন ওয়ালটন গ্রুপের আইন বিভাগের সহকারী পরিচালক টি এম আবদুল্লাহ আল ফুয়াদ। এ মামলায় অনলাইনভিত্তিক সংবাদমাধ্যম নতুন সময় ডটকমের সম্পাদক শওগাত হোসেন, নির্বাহী সম্পাদক আহমেদ রাজু ও ডেইলি শেয়ার বিজ-এর নিজস্ব প্রতিবেদক নিয়াজ মাহমুদ সোহেলকে আসামি করা হয়।
এ ছাড়া রোববার পল্টন থানায় চাঁদাবাজি ও হুমকি দেওয়ার অভিযোগে নতুন সময় ডটকমের শওগাত হোসেন, আহমেদ রাজু ও বিপণন কর্মকর্তা সালাহ উদ্দিনের বিরুদ্ধে আরেকটি মামলা করেন ওয়ালটন গ্রুপের সহকারী পরিচালক রবিউল ইসলাম।
জানতে চাইলে ওয়ালটনের সিনিয়র অপারেটিভ ডিরেক্টর উদয় হাকিম বলেন, অনলাইনটিতে বিজ্ঞাপন না দেওয়ায় ওয়ালটনের বিরুদ্ধে প্রতিবেদন করা হবে বলে হুমকি দেওয়া হয়। বিষয়টি সাংবাদিক নেতাদের কাছেও জানানো হয়। কিন্তু তাঁরা কিছুই শোনেননি। তাঁর দাবি, গত মঙ্গলবার রাতে দুই পক্ষের মধ্যে সমঝোতা হয়েছে। ওয়ালটন মামলা দুটি তুলে নেবে। আর ওরা ওয়ালটনের বক্তব্য ও প্রতিবাদ ছাপবে।
প্রসঙ্গত, গত ২৩ এপ্রিল নতুন সময়ে ‘ওয়ালটন মোবাইল ক্রেতাদের গলার কাটা’ এবং ২৪ এপ্রিল ‘ওয়ালটন মোবাইলের ভোগান্তি, ক্ষোভে উত্তাল ফেসবুক’ শিরোনামে দুটি প্রতিবেদন প্রকাশ করা হয়।