রাজশাহীর ডলফিন ক্লিনিকের মালিক শামিউল উদ্দিন আহমেদ গতকাল রোববার বিকেলে জামিনে মুক্তি পেয়েছেন। চিকিৎসকেরাও তাঁদের পূর্বঘোষিত ধর্মঘট কর্মসূচি প্রত্যাহার করেছেন।
আদালত সূত্র জানায়, রাজশাহী মহানগর বিচারিক হাকিম আদালত-৩-এর বিচারক শারমিন সুলতানা গতকাল বেলা পৌনে একটার দিকে জামিন আবেদনের শুনানি শেষে ক্লিনিকের মালিক শামিউল উদ্দিনের জামিনের আবেদন মঞ্জুর করেন। বিকেল পৌনে পাঁচটার দিকে শামিউল উদ্দিন রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান।
আসামিপক্ষের আইনজীবী আসলাম সরকার জানান, ২০ হাজার টাকার বন্ডে পুলিশের তদন্ত প্রতিবেদন না পাওয়া পর্যন্ত শামিউল উদ্দিনকে জামিনে থাকার আদেশ দিয়েছেন আদালত।
শামিউল উদ্দিন জামিন পাওয়ার পরই ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আবদুল মান্নান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তাঁদের ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়। শামিউল মুক্তি না পেলে গতকাল দুপুর ১২টা এক মিনিট থেকে রাজশাহী বিভাগজুড়ে ধর্মঘট পালনের ঘোষণা দিয়েছিলেন চিকিৎসকেরা।
এদিকে শামিউল উদ্দিনের জামিনের আবেদন মঞ্জুরে অনিয়ম করা হয়েছে বলে অভিযোগ করেছেন বাদীপক্ষের আইনজীবী সোহেল রানা। তিনি বলেন, সাধারণত সাত দিনের আগে এসব মামলা শুনানির আবেদন আদালত গ্রহণ করেন না। কিন্তু এ মামলার ক্ষেত্রে তিন দিনের মাথায় শুনানির আবেদন গ্রহণ করে জামিন দেওয়া হয়েছে।
সোহেল রানার অভিযোগ, গত বৃহস্পতিবার পর্যন্ত পুলিশ মামলাগুলো মহানগর হাকিম আদালত-১-এর বিচারক বিশ্বনাথ মণ্ডল দেখতেন, কিন্তু গতকাল পুলিশ মামলাগুলো বিচারিক হাকিম আদালত-৩-এ নেওয়া হয়। এ ছাড়া রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) ইব্রাহীম হোসেনের জামিনের বিরোধিতা করার নিয়ম থাকলেও এ মামলায় তিনি আসামির জামিনের পক্ষে শুনানি করেছেন।
এ ব্যাপারে পিপি ইব্রাহীম হোসেন বলেন, তদন্ত প্রতিবেদনে অভিযোগ প্রমাণিত না হওয়ায় পুলিশের পক্ষ থেকে শামিউল উদ্দিনকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার আবেদন জানানো হয়েছে। এরপর আর রাষ্ট্রপক্ষের কী বলার থাকতে পারে?
গত ২৯ জানুয়ারি ডলফিন ক্লিনিকে ভাঙা পায়ের চিকিৎসা নিতে এসে আনোয়ারুল হক নামের একজন ব্যবসায়ীকে চেতনানাশক দেওয়ার পর মারা যান। এ ঘটনায় তাঁর স্ত্রী বাদী হয়ে হত্যা মামলা করেন।