চট্টগ্রামের বাঁশখালীতে বিদ্যুৎকেন্দ্র স্থাপন নিয়ে সংঘর্ষের পর পুলিশের ওপর হামলার অভিযোগে করা মামলায় গ্রেপ্তার ১২ জন জামিনে মুক্তি পেয়েছেন। গতকাল মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে তাঁরা জামিনে মুক্তি পান।
মুক্তিপ্রাপ্ত ব্যক্তিরা হলেন আবদুল খালেক, ইকবাল হোসেন, আলী আহমদ, জহিরুল ইসলাম, আছদ আলী, শাহ আলম, মহিউদ্দিন, আক্তার হোসেন, হুমায়ুন কবির, আবদুল আলীম, রফিক আহমেদ ও আনছারুল্লাহ। তাঁরা সবাই প্রকল্প এলাকার বাসিন্দা। এর আগে গতকাল দুপুরে বাঁশখালীর জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. সাজ্জাদ হোসেন এই ১২ জনসহ ১৩ জনের জামিন আবেদন মঞ্জুর করেন। জামিন পাওয়া মজিবুর রহমান চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকায় তিনি গতকাল মুক্তি পাননি। তিনি আজ বুধবার মুক্তি পেতে পারেন।
বাঁশখালী আদালতের সরকারি কৌঁসুলি বিকাশ রঞ্জন ধর ১৩ জনের জামিন পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
এস আলম গ্রুপের মালিকানাধীন এসএস পাওয়ার লিমিটেড ও চীনের দুটি প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগে বাঁশখালীর গণ্ডামারা ইউনিয়নে ২৫০ কোটি ডলার ব্যয়ে কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প স্থাপন করা হচ্ছে। ৪ এপ্রিল গণ্ডামারার হাদিরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের পক্ষে-বিপক্ষের লোকজন সমাবেশ ডাকেন। এ নিয়ে সংঘর্ষে চারজন নিহত হন। ঘটনার দিন পুলিশ ১৪ জনকে গ্রেপ্তার করে। লোকমান নামের এক কিশোর সপ্তাহ খানেক আগে জামিনে মুক্তি পায়।
জামিনে মুক্ত ১২ জনকে কারা ফটকে ফুলের মালা পরিয়ে বরণ করে নেওয়া হয়। পরে সন্ধ্যায় তাঁরা চট্টগ্রাম প্রেসক্লাবে আসেন। তাঁরা সাংবাদিকদের বলেন, প্রতিবাদ সমাবেশে যোগ দিতে গেলে পুলিশ তাঁদের গ্রেপ্তার করে। পুলিশের ছররা গুলিতে তাঁরা সবাই কমবেশি আহত হয়েছেন। পুলিশ গুলি করে চারজনকে হত্যা করেছে।
এদিকে গণ্ডামারা ইউনিয়ন বাঁচাও আন্দোলন কমিটির উদ্যোগে গতকাল সন্ধ্যায় চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে দাবি করা হয়, এলাকার ৪০ জনকে দেশের অভ্যন্তরের কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনের ব্যবস্থা করতে হবে। প্রয়োজনে ১০ জনকে ভারত অথবা চীনের কয়লাবিদ্যুৎ প্রকল্প পরিদর্শনের সুযোগ করে দিতে হবে।
গণ্ডামারা ইউনিয়ন বাঁচাও আন্দোলন কমিটির উপদেষ্টা ও চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র মাহমুদুল ইসলাম চৌধুরী সংবাদ সম্মেলনে বলেন, ১৩ এপ্রিল গণ্ডামারার হাদিরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কমিটির উদ্যোগে সরকারের কাছে নয় দফা দাবি দেওয়া হয়। এর মধ্যে তিন দফা দাবি পূরণ হয়েছে। বাকি ছয় দফা দাবি অবিলম্বে বাস্তবায়ন করতে হবে।
বসতভিটা ও গোরস্তান রক্ষা কমিটির আহ্বায়ক লিয়াকত আলী কমিটির সঙ্গে আছেন কি না—এ প্রশ্নের জবাবে মাহমুদুল ইসলাম বলেন, ‘লিয়াকত এখন এলাকায় নেই। তবে এলাকার লোকজনের সঙ্গে যোগাযোগ রাখছেন। তিনি আমাদের সঙ্গে আছেন। এটি জনগণের আন্দোলন। লিয়াকতও জনগণের পক্ষে।’
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গণ্ডামারা ইউনিয়ন বাঁচাও আন্দোলন কমিটির সভাপতি বদি আহমেদ, সাধারণ সম্পাদক আবদুল মালেক, কোষাধ্যক্ষ এনামুল হক।