জামিনে মুক্তি পেলেন ৪ কাউন্সিলর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাসে অগ্নিসংযোগের মামলায় গাজীপুর সিটি করপোরেশনের কারাবন্দী ছয় কাউন্সিলরের মধ্যে চারজন গতকাল রোববার মুক্তি পেয়েছেন। গাজীপুর জেলা কারাগার থেকে বিকেলে তাঁরা মুক্তি পান।

মুক্তি পাওয়া চার কাউন্সিলর হলেন ফয়সাল আহমেদ সরকার (১৫ নম্বর ওয়ার্ড), তানভীর আহমেদ (১৯ নম্বর ওয়ার্ড), মো. শহিদুল ইসলাম (২০ নম্বর ওয়ার্ড) ও হান্নান মিয়া (২৬ নম্বর ওয়ার্ড)। তাঁরা সবাই বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত।

গাজীপুর জেলা কারাগারের জেলার মো. ফোরকান ওয়াহিদ বলেন, গত বৃহস্পতিবার হাইকোর্ট তাঁদের অন্তর্বর্তী জামিন দিয়েছিলেন। গতকাল বিকেল সাড়ে চারটার দিকে ওই চারজনের জামিনের কাগজ কারাগারে পৌঁছায়। বিকেল পাঁচটার দিকে তাঁদের মুক্তি দেওয়া হয়। একই মামলায় কারাবন্দী গাজীপুর সিটি করপোরেশনের ৫৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. শফিউদ্দিন এবং ৫৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শেখ মোহাম্মদ আলেক জামিন পেলেও কারাগারে কাগজপত্র পৌঁছায়নি। এ জন্য দুজনকে মুক্তি দেওয়া হয়নি।

গাজীপুর আদালতের পরিদর্শক মো. রবিউল ইসলাম বলেন, ২০১৬ সালের ১৫ এপ্রিল জয়দেবপুর থানার অধীন চান্দনা চৌরাস্তায় একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। জয়দেবপুর থানার এসআই আহাদুল ইসলাম বিশেষ ক্ষমতা আইনে ওই দিন মেয়র এম এ মান্নান, কয়েক জন কাউন্সিলরসহ ৪০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ২০-৩০ জনকে আসামি করে মামলা করেন। তদন্তকারী কর্মকর্তা এসআই হাফিজুর রহমান তিন কাউন্সিলরসহ ৫১ জনের নাম উল্লেখ করে ২৭ জুলাই আদালতে অভিযোগপত্র জমা দেন। সংশ্লিষ্ট না থাকায় আটজনের নাম বাদ দেওয়া হয়।

ওই মামলায় অভিযুক্ত পলাতক আট কাউন্সিলর গত মঙ্গলবার গাজীপুরে আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত ছয় কাউন্সিলরের জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। তবে সংরক্ষিত ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শিরিন চাকলাদার এবং ৪২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুলতান উদ্দিন আহাম্মেদের জামিন মঞ্জুর করেন আদালত।