জামিনে মুক্তি পেলেন 'নিখোঁজ' মুছার ভাই

সাবেক পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম হত্যা মামলার এক আসামি জামিনে মুক্তি পেয়েছেন। তাঁর নাম সাইদুল শিকদার। তিনি বাবুলের সোর্স নিখোঁজ কামরুল শিকদার ওরফে মুছার ভাই। গতকাল সোমবার রাত আটটার দিকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি।
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের কারাধ্যক্ষ মোহাম্মদ মজিবুর রহমান প্রথম আলোকে বলেন, বন্দী সাইদুল শিকদার উচ্চ আদালত থেকে জামিন পান। তাঁর জামিননামা গত রোববার কারাগারে আসার পর যাচাই-বাছাই করে মুক্তি দেওয়া হয়েছে।
গত বছরের ৫ জুন সকালে চট্টগ্রাম নগরের জিইসি মোড় এলাকায় ছেলেকে স্কুলের বাসে তুলে দিতে যাওয়ার সময় মাহমুদা খানমকে ছুরিকাঘাত ও গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় বাবুলের নগরের পাঁচলাইশ থানায় করা মামলা বর্তমানে তদন্ত করছে চট্টগ্রাম নগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। হত্যাকাণ্ডের তিন সপ্তাহ পর মো. ওয়াসিম ও মো. আনোয়ার নামের দুজনকে গ্রেপ্তার করে পুলিশ। ওই দিনই তাঁরা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। তাঁরা স্বীকার করেন, মুছার নেতৃত্বে হত্যাকাণ্ডে তাঁরা সাত-আটজন অংশ নেন। গত বছরের অক্টোবর মাসে মুছার সন্ধান চেয়ে পাঁচ লাখ টাকা পুরস্কার ঘোষণা করে চট্টগ্রাম নগর পুলিশ। গোয়েন্দা পুলিশ কর্মকর্তা হিসেবে বাবুল চট্টগ্রামে দায়িত্ব পালনের সময় মুছা তাঁর ঘনিষ্ঠ সোর্স হিসেবে কাজ করতেন। ওই সময় সাইদুল শিকদারকেও গ্রেপ্তার করে পুলিশ।