জামিনে মুক্তি পেয়ে বাদীপক্ষকে হুমকি দেওয়ার অভিযোগ
জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় সালিসে পিটিয়ে হত্যা মামলার আসামিরা জামিনে মুক্তি পেয়ে বাদীপক্ষকে হুমকি দিচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে।মুনছুর আলী অভিযোগ করেন, গত ৯ জুন বিকেলে তাঁর একটি বাছুর প্রতিবেশী মোজাম উদ্দিনের বাড়িতে প্রবেশ করায় বাছুরটিকে মারপিট করা হয়। এ বিষয়ে ওই দিনই সন্ধ্যায় স্থানীয় ছয়ের আলীর উঠানে সালিস বসে। সেখানে কথা-কাটাকাটির একপর্যায়ে মোজাম উদ্দিন ও তাঁর লোকজন তাঁকে, তাঁর ছেলে ফিরোজ হোসেনকে (১৯) মারপিট করে। ফিরোজ মাথায় আঘাত পান। গত ১৪ জুন সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ফিরোজ মারা যান। এর আগে ১৩ জুন তিনি ১৩ জনকে আসামি করে মামলা করেন। কিন্তু পুলিশ শুরু থেকেই আসামিদের রক্ষায় তৎপর ছিল।মুনছুর আলী অভিযোগ করেন, পুলিশ আসামিদের গ্রেপ্তারের বিষয়ে ন্যূনতম পদক্ষেপ নেয়নি। ফিরোজের মৃত্যুর পর মৃত্যুসনদ মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলামের কাছে দাখিল করা হলেও তিনি তা আদালতে উপস্থাপন করেননি। ফলে আসামিরা জামিনে মুক্তি পান।এ বিষয়ে মোজাম উদ্দিন বলেন, ‘আমরা কোনো হুমকি দিইনি। বরং তাঁরা আমাদের বিভিন্নভাবে গালিগালাজ করছেন। আমাদের অনেকেই এখন ঘরছাড়া।’ এসআই রফিকুল ইসলাম প্রশিক্ষণে থাকায় তাঁর সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। তবে ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল আনোয়ারুল জানান, ফিরোজের মৃত্যুর পর আদালতের অনুমতিক্রমে মামলাটি হত্যা মামলায় রূপান্তর করা হয়েছে।