‘শহীদ হামজা ব্রিগেড’ নামের চট্টগ্রামভিত্তিক জঙ্গি সংগঠনকে অর্থ সহায়তার অভিযোগে গ্রেপ্তার পোশাক ব্যবসায়ী এনামুল হক জামিনে মুক্তি পেয়েছেন। গতকাল সোমবার বিকেলে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান।
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের কারাধ্যক্ষ মোহাম্মদ মাহাবুবুল ইসলাম প্রথম আলোকে বলেন, উচ্চ আদালত থেকে জামিননামা আসার পর যাচাইবাছাই করে সোমবার বিকেলে এনামুল হককে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়।
জঙ্গি সংগঠন হামজা ব্রিগেডকে অর্থ সরবরাহের অভিযোগে ২০১৫ সালের ৫ সেপ্টেম্বর ঢাকার তুরাগ এলাকা থেকে পোশাক ব্যবসায়ী এনামুল হককে গ্রেপ্তার করে র্যাব-৭।
র্যাবের দাবি, ‘শহীদ হামজা ব্রিগেডের’ সামরিক কমান্ডার মনিরুজ্জামান ওরফে ডনের হিসাব নম্বরে ব্যবসায়ী এনামুল হক ১৬ লাখ টাকা দেন।
পরে ব্যবসায়ী এনামুল হককে হাটহাজারী ও বাঁশখালী থানায় র্যাবের করা সন্ত্রাস দমন আইনের মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
দুই মামলায় তাঁকে আসামি করে র্যাব অভিযোগপত্রও দেয়।
গত বছরের ১৯ ফেব্রুয়ারি হাটহাজারী থেকে জঙ্গি সন্দেহে ১২ জনকে গ্রেপ্তার করে র্যাব-৭।
দুদিন পর ২১ ফেব্রুয়ারি বাঁশখালীর লটমণি পাহাড়ে অস্ত্র-গুলিসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।
এপ্রিল মাসের দিকে এসে র্যাব সংবাদ সম্মেলন করে জানায়, ‘শহীদ হামজা ব্রিগেড’ নামের একটি জঙ্গি সংগঠনের সদস্য তাঁরা।