জামিনে মুক্তির পর আবার আটক চা শ্রমিক নেতা জয়
জামিনে মুক্ত হওয়ার পর সিলেটের আলোচিত চা-শ্রমিক নেতা জয় মাহাত্ম কুর্মি আবার আটক হয়েছেন। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে নগরের মহাজন পট্টি এলাকায় বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের কার্যালয় থেকে তাঁকে আটক করা হয়।
জয়কে আটকের ব্যাপারে মহানগর পুলিশের বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গৌসুল হোসেন বলেন, কিছু অভিযোগের পরিপ্রেক্ষিতে চা-শ্রমিক নেতাকে আটক করা হয়েছে। তবে সেসব অভিযোগ কী, তা তিনি বলেননি।
জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট (এনডিএফ) সমর্থিত বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের জেলা কমিটির যুগ্ম সম্পাদক ও মালনী ছড়া চা-বাগানের রাবার শ্রমিক সংঘের বর্তমান সভাপতি জয়।
একাধিক সূত্রে জানা যায়, সিলেটের কালাগুল চা-বাগানে শ্রমিকদের আন্দোলনে সক্রিয় ছিলেন জয়। গত বছরের ২৯ আগস্ট শহরতলির সাহেবের বাজার এলাকায় কৃষক সংগ্রাম সমিতির সঙ্গে স্থানীয় একটি সামাজিক সংগঠনের সংঘর্ষে মাসুক আহমেদ (২৫) নামের এক ব্যক্তি নিহত হন। ওই ঘটনায় বিমানবন্দর থানায় করা মামলায় জয়কে সন্দেহভাজন আসামি করা হয়। পুলিশ ওই মামলায় ১০ নভেম্বর মালনী ছড়া চা-বাগান থেকে তাঁকে গ্রেপ্তার করে।
রাবার শ্রমিক সংঘের নেতা-কর্মীরা জানান, প্রায় আড়াই মাস কারাবন্দী থাকার পর গতকাল বেলা সাড়ে ১১টার দিকে জয় জামিনে জেল থেকে মুক্ত হন। এরপর তিনি কারাগারের অদূরে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের মহাজন পট্টির কার্যালয়ে যান। সেখানে মালনী ছড়া চা ও রাবারশ্রমিকেরা তাঁকে অভ্যর্থনা জানানোর পর তিনি নাশতা করেন। সে সময় পুলিশ এসে তাঁকে আটক করে নিয়ে যায়।
জামিনে মুক্তির পর জয়কে ফের আটক করার পেছনে মালনী ছড়া চা-বাগানের রাবার শাখার কর্মকর্তারা জড়িত বলে অভিযোগ করেছেন রাবার সংঘের নেতারা। গতকাল বিকেলে এক বিবৃতিতে সংঘের ভারপ্রাপ্ত সভাপতি মিলন মুন্ডা ও যুগ্ম সম্পাদক সুজন আহমদ অভিযোগ করেন, চা ও রাবারবাগানের সাধারণ শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনকে ধ্বংস করার জন্য মালিকপক্ষ সরকারের পুলিশ বাহিনীকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। তাঁরা অবিলম্বে জয়ের মুক্তির দাবি জানান। অন্যথায় চা-বাগান ও রাবারবাগানে শ্রমিক আন্দোলন গড়ে তোলার ঘোষণা দেন এ দুই নেতা।