জামিনে মুক্তির পর কারা ফটক থেকে আটক ২
জামিনে মুক্তির পর কারা ফটক থেকে দুজনকে আটক করেছে পুলিশ। তাঁরা হলেন নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহ্রীরের সদস্য মোহাম্মদ আলী ও তালিকাভুক্ত সন্ত্রাসী টিংকু দাশ। গতকাল বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের ফটক থেকে তাঁদের আটক করা হয়।
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের উপকারাধ্যক্ষ মনির হোসেন মুঠোফোনে প্রথম আলোকে জানান, কোতোয়ালি থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় জামিন পান আসামি মোহাম্মদ আলী। আর পাঁচলাইশ, চকবাজার ও কোতোয়ালি থানার চার মামলায় কারাগারে জামিননামা আসে আসামি টিংকু দাশের।
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের উপকারাধ্যক্ষ জানান, দুই আসামিকে মুক্তি দেওয়ার পর কারা ফটক থেকে পুলিশ তাঁদের আটক করে।
জানতে চাইলে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসীম উদ্দিন জানান, টিংকু দাশ ও মোহাম্মদ আলী কোতোয়ালি থানার দুটি মামলায় জড়িত। তাঁদের ্রেপ্তার দেখানোর আবেদন করে শুক্রবার আদালতে পাঠানো হবে। তবে কোন দুটি মামলায় গ্রেপ্তার দেখানো হচ্ছে, তা বলতে অপারগতা জানান তিনি।