জামিনে মুক্তির পর কারা ফটকে আটক হারুন ইজাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামিনে মুক্তির পর কারা ফটক থেকে আটক করা হয়েছে ইসলামী ঐক্যজোটের একাংশের সভাপতি মুফতি ইজাহারুল ইসলামের ছেলে হারুন ইজাহারকে। গতকাল মঙ্গলবার চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের ফটকের সামনে থেকে তাঁকে আটক করে পুলিশ।

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের উপকারাধ্যক্ষ আমিরুল ইসলাম প্রথম আলোকে বলেন, চট্টগ্রাম নগরের লালখান বাজার মাদ্রাসায় বোমা বিস্ফোরণের ঘটনায় করা তিনটি মামলাসহ ১১টি মামলায় জামিন পান হারুন ইজাহার। গতকাল দুপুরে তাঁকে মুক্তি দেওয়া হয়।

কারা ফটক থেকে হারুন ইজাহারকে আটকের সত্যতা নিশ্চিত করে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসীম উদ্দিন বলেন, তিনি (হারুন ইজাহার) নাশকতার সঙ্গে জড়িত বলে পুলিশের কাছে তথ্য আছে। কাল (আজ বুধবার) তাঁকে নাশকতার মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হতে পারে।

২০১৩ সালের ৭ অক্টোবর মুফতি ইজাহারুল ইসলাম পরিচালিত লালখান বাজারের জামেয়াতুল উলুম আল ইসলামিয়া মাদ্রাসায় বোমা বিস্ফোরণ ঘটে। এতে মাদ্রাসার দুই ছাত্র নিহত হন। এ ঘটনায় হারুন ইজাহারকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। পরে মুফতি ইজাহারুল ইসলামকেও গ্রেপ্তার করা হয়।

হারুনের আইনজীবী আবদুস সাত্তারের দাবি, সেদিন মাদ্রাসায় আইপিএসের চার্জার বিস্ফোরিত হয়েছিল।