জামিনে মুক্তির পর সেই অস্ত্রধারীকে ফুলেল শুভেচ্ছা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সম্মেলনস্থলে প্রথমে গুলি করেন মো. রিপন হাসান ওরফে টিটু (২২)। গত ১০ অক্টোবর দুপুরে ওই ঘটনার দুই দিন পর র‍্যাব সদস্যরা তাঁকে গ্রেপ্তার করেন। কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালত গত সোমবার টিটুর জামিন মঞ্জুর করেন।জামিনে মুক্তির পর কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের সামনে টিটুকে ফুল দিয়ে বরণ করে নেন কুমিল্লা শহর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবদুস সালাম, কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সভাপতি পদপ্রার্থী নজরুল হক ভূঁইয়া ও জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ইউসুফ মোল্লা এবং কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক ফারুক আহমদসহ দলীয় নেতা-কর্মীরা। এ ব্যাপারে বিএনপির নেতা আবদুস সালাম গতকাল বুধবার প্রথম আলোকে বলেন, ‘এলাকার এবং দলীয় কর্মী হওয়ায় টিটুকে আমরা ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছি।’ পুলিশ সূত্র জানায়, যুবদলের সম্মেলনের দিন টিটু একটি এলজি থেকে পর পর তিনটি গুলি করেন। দুই হাজার টাকা ভাড়ায় ওই দিনের গোলাগুলিতে অংশ নেন টিটু। যুবদলের একটি পক্ষের সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী এবং কুমিল্লা শহরের উত্তর চর্থা এলাকার বাসিন্দা তরিক আহমেদ ও তাঁর ছোটভাই অমির কাছ থেকে অস্ত্র নিয়ে ওই গোলাগুলিতে অংশ নেওয়ার বিষয়টি টিটু র‍্যাব এবং সাংবাদিকদের সামনে স্বীকারও করেন। অবশ্য এ ব্যাপারে তরিক আহমেদ পরে সাংবাদিকদের কাছে দাবি করেন, তাঁর কাছ থেকে টিটুর অস্ত্র নেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। ঘটনার দিন তিনি সম্মেলনকেন্দ্রের ভেতরে ছিলেন। বাইরে কী হয়েছে জানেন না।টিটুর জামিনের বিষয়ে কুমিল্লার কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিন মাহমুদ বলেন, ‘আদালত থেকে জামিন নিয়ে বেরিয়ে এলে আমাদের তো বলার কিছু নেই। আমরা কেবল আসামিদের ধরে দেই। বাকিটা আদালতের হাতে।’সরকারি কৌঁসুলি (পিপি) মজিবুর রহমান এ প্রসঙ্গে গতকাল প্রথম আলোকে বলেন, ‘কুমিল্লার অস্ত্রবাজির ঘটনা সারা দেশে আলোচিত হয়েছে। আলোচনা হয়েছে জাতীয় সংসদেও। এ রকম ঘটনার সঙ্গে জড়িত একজন আসামি জামিন পেয়েছেন। আমার আপত্তি সত্ত্বেও মহামান্য আদালত তাঁকে জামিন দিয়েছেন। এ ক্ষেত্রে আদালতের রায়ের বিরুদ্ধে আমরা তো কোনো মন্তব্য করতে পারি না।’গত ১২ অক্টোবর দুপুরে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার কোটবাড়ি এলাকার দৌলতপুর চৌমুহনী থেকে টিটুকে আটক করা হয়। গত ২০ অক্টোবর টিটুসহ ৪১ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়। অভিযোগপত্র দেওয়ার ৩৩ দিনের মাথায় অন্যতম অস্ত্রধারীদের একজন জামিনে মুক্তি পেলেন।