জামিনে মুক্তির পরই অপহরণ কবজি কর্তন, চোখ উৎপাটন

কক্সবাজার জেলা কারাগার থেকে জামিনে মুক্তির পর গত বুধবার সন্ধ্যায় সুমন আলী মণ্ডল (২২) নামের এক ব্যক্তিকে তুলে নিয়ে হাতের কবজি কেটে দিয়েছে দুর্বৃত্তরা। রড দিয়ে খুঁচিয়ে ক্ষত করা হয়েছে তাঁর চোখ। কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন সুমন এ ঘটনার জন্য টেকনাফ উপজেলা বিএনপির এক নেতার দুই ভাইকে দায়ী করেছেন। আহত সুমন নওগাঁর মহাদেবপুর উপজেলার পূর্ব নারায়ণপুর গ্রামের আফতাব আহমদের ছেলে।
২০১১ সালে ৯ সেপ্টেম্বর টেকনাফ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ আবদুল্লাহর শিশুপুত্র অলি উল্লাহ আলো (৯) খুন হয়। ওই হত্যা মামলায় সুমন ওই দিনই গ্রেপ্তার হন। দীর্ঘ প্রায় তিন বছর কারাগারে বন্দী থাকার পর উচ্চ আদালতের নির্দেশে গত বুধবার বিকেলে তিনি জামিনে মুক্তি পান।
ঘটনার বর্ণনা দিয়ে সুমন গতকাল বৃহস্পতিবার হাসপাতালে বসে সাংবাদিকদের বলেন, জামিনে মুক্তির পর সন্ধ্যায় তাঁর বাবা আফতাব আহমদ, বড় ভাই সোবহান আলী ও জুয়েল হোসেন কারা ফটক থেকে তাঁকে একটি সিএনজিচালিত অটোরিকশায় করে কেন্দ্রীয় বাস টার্মিনালের উদ্দেশে যাচ্ছিলেন। পথে একদল দুর্বৃত্ত একটি মাইক্রোবাস ও দুটি মোটরসাইকেলে করে এসে তাঁদের গতিরোধ করে এবং তাঁকে মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। কিছুদূর যাওয়ার পর দুর্বৃত্তরা তাঁর ডান হাতের কবজি কেটে নেয় এবং রড দিয়ে খুঁচিয়ে ডান চোখ জখম করে। এরপর হাত-পা বেঁধে লিংক রোড সড়কের পাশে তাঁকে নিক্ষেপ করা হয়। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
সুমনের বাবা আফতাব আহমদ গতকাল সদর থানায় বসে বলেন, খুব ছোটবেলায় সুমন ঘর থেকে পালিয়ে টেকনাফ চলে যায়। এর পর থেকে সে বিএনপির নেতা আবদুল্লাহর বাড়িতে ছিল। পরে ছেলে হত্যা মামলায় আসামি করে সুমনকে জেলে পাঠানো হয়।
কক্সবাজার সদর থানার উপপরিদর্শক (এসআই) আবদুল কাইয়ুম বলেন, আহত সুমনের জবানবন্দি গ্রহণ করা হয়েছে। তিনি এ ঘটনার জন্য বিএনপি নেতা আবদুল্লাহর ছোট ভাই আবদুর রহমান ও চাচাতো ভাই সাকেরকে অভিযুক্ত করেছেন। বিষয়টির তদন্ত চলছে।