সিলেটের বিজ্ঞান-মনস্ক লেখক-ব্লগার অনন্ত বিজয় দাশ হত্যা মামলার আসামি মোহাইমিন নোমান ও আবুল খায়ের জামিনে মুক্তি পাওয়ার পরপরই পুলিশ তাঁদের গ্রেপ্তার করেছে। বাস পোড়ানোর মামলায় গতকাল বৃহস্পতিবার নগরের বন্দরবাজার থেকে পুলিশ তাঁদের গ্রেপ্তার করে।
সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহমদ জানান, মোহাইমিন ও আবুল খায়ের সম্প্রতি উচ্চ আদালত থেকে জামিন লাভ করেন। গতকাল বেলা ১১টার দিকে সিলেট কেন্দ্রীয় কারাগার থেকে তাঁরা মুক্তি পান। কিন্তু তাঁদের বিরুদ্ধে ২০১৩ সালে বাস পোড়ানোর ঘটনায় মামলা থাকায় কারাগারের পার্শ্ববর্তী বন্দরবাজার থেকে আবার দুজনকে গ্রেপ্তার করে বিকেলে আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়।
অনন্ত বিজয় দাশ (৩২) গত বছরের ১২ মে খুন হন। সকালে কর্মস্থলে যাওয়ার পথে নগরের সুবিদবাজারের নূরানী আবাসিক এলাকার চৌরাস্তার মোড়ে তাঁকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। পেশায় ব্যাংকার অনন্ত বিজয় দাশ বস্তুবাদ ও যুক্তিবাদ নিয়ে ব্লগে লিখতেন।
বিজ্ঞান বিষয়ে লেখালেখির কারণে অনন্ত বিজয় দাশকে ‘উগ্র ধর্মান্ধ গোষ্ঠী’ পরিকল্পিতভাবে খুন করেছে—এমন অভিযোগ এনে ১৩ মে তাঁর বড় ভাই রত্নেশ্বর দাশ সিলেট নগরের বিমানবন্দর থানায় অজ্ঞাতনামা চার দুর্বৃত্তকে আসামি করে মামলা করেন।
ওই মামলার তদন্তভার পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) স্থানান্তর করা হলে স্থানীয় একটি পত্রিকার ফটোসাংবাদিক সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার হন। তাঁর কাছে কোনো তথ্য না পাওয়ায় পরে তিনি জামিনে মুক্তি পান। ২৯ আগস্ট কানাইঘাট উপজেলার পূর্ব পালজুর গ্রাম থেকে মান্নান ইয়াহইয়া (২৪) ও মোহাইমিন নোমান (২২) নামে এই দুই ভাইকে গ্রেপ্তার করে সিআইডি। তাঁরা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র। ২ সেপ্টেম্বর মান্নান রাহী হত্যার দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন। ওই দিনই দুই ভাইয়ের সহযোগী আবুল খায়ের (২৪) গ্রেপ্তার হন। এ তিনজনের মধ্যে মান্নান রাহী ঢাকায় খুন হওয়া ব্লগার অভিজিৎ রায় হত্যা মামলারও আসামি।