জামিনের অপেক্ষায় বিএনপি
মামলায় জর্জরিত নেতা-কর্মীদের জামিনের ব্যবস্থা করতে না পারায় সিটি নির্বাচনে দলীয় প্রার্থীদের পক্ষে এখনো প্রচারণায় নামতে পারছে না বিএনপি। এমনকি মেয়র পদপ্রার্থী মির্জা আব্বাসসহ কাউন্সিলর প্রার্থীদের অনেকে গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে রয়েছেন।
সিটি নির্বাচনের আর মাত্র ১৬ দিন বাকি। এ অবস্থায় বিএনপির নেতা-কর্মীরা নির্বাচনী প্রচারে নামতে উসখুশ করছেন। কিন্তু মামলার খড়্গ থাকায় নামতে পারছেন না। নেতা-কর্মীদের একটি অংশ আগাম জামিনের জন্যও চেষ্টা-তদবির করছেন। তাতেও কোনো ফল হচ্ছে না। এ অবস্থায় আগামী রবি-সোমবার পর্যন্ত আদালতের পরিস্থিতি দেখে প্রচারে নামতে চাইছেন প্রার্থী ও নেতা-কর্মীরা। এর আগে ‘আদর্শ ঢাকা আন্দোলন’-এর নেতাদের সঙ্গে বসে নির্বাচনী ইশতেহার বা বক্তব্য চূড়ান্ত করা হবে।
বিএনপির একাধিক দায়িত্বশীল নেতা জানান, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে বিএনপি-সমর্থিত মেয়র পদপ্রার্থী মির্জা আব্বাসের আগাম জামিনের আবেদন নিয়ে তাঁর আইনজীবীরা গত বুধবার হাইকোর্টের একটি বেঞ্চে যান। কিন্তু আদালত তা গ্রহণ করেননি। ওই দিনই এ বিষয়ে আইনি প্রতিকার পেতে প্রধান বিচারপতি এস কে সিনহার সঙ্গে সাক্ষাৎ করেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন ও সাধারণ সম্পাদক মাহবুবউদ্দিন খোকন।
এ বিষয়ে জানতে চাইলে খন্দকার মাহবুব হোসেন প্রথম আলোকে বলেন, ‘আমরা বিএনপির একজন নেতার আগাম জামিনের আবেদন নিয়ে কাল রোববার হাইকোর্টের একটি বেঞ্চে যাব। আদালত যদি কোনো ইতিবাচক ব্যবস্থা না নেন, তাহলে আমরা নরম-গরম সব রকম পদক্ষেপ নেব।’
বিএনপির দায়িত্বশীল একাধিক নেতা বলেন, মির্জা আব্বাসের আগাম জামিনের আবেদন আদালত গ্রহণ না করার খবর জানাজানি হলে নেতা-কর্মীদের মধ্যে হতাশা আরও ছড়িয়ে পড়েছে। এ পরিস্থিতিতে মামলার শিকার নেতা-কর্মীরা নির্বাচনী প্রচারে নামার ঝুঁকি নিতে সাহস পাচ্ছেন না। এ অবস্থায় আদালতের পরিস্থিতি দেখে রবি-সোমবার থেকে প্রচারে নামতে চাইছেন বিএনপি-সমর্থিত প্রার্থী ও দলীয় নেতা-কর্মীরা।
বিএনপির নেতাদের আইনজীবীরা জানান, হাইকোর্টের চার থেকে পাঁচটি বেঞ্চের আগাম জামিনের শুনানির এখতিয়ার রয়েছে।
কিন্তু কোনো বেঞ্চই আগাম জামিনের আবেদনপত্র গ্রহণ করছেন না। এ ছাড়া বিএনপির নেতাদের অজ্ঞাতেও অনেক থানায় মামলা রয়েছে। কিন্তু কার নামে কোন থানায় কতটি মামলা আছে, সে তথ্য জানাও মুশকিল।
এ বিষয়ে বিএনপির নেতাদের আইনজীবী এ কে এম এহসানুর রহমান গতকাল প্রথম আলোকে বলেন, ‘নেতাদের মামলার তথ্য পেতে বিভিন্ন থানার মামলার প্রাথমিক তথ্য বিবরণী (এফআইআর) তল্লাশি করা হচ্ছে। কিন্তু থানা-পুলিশের অসহযোগিতায় এফআইআরও তোলা যাচ্ছে না।’
বিএনপির আরেকটি আশঙ্কার কারণ, বিভিন্ন মামলায় অজ্ঞাতনামা আসামি। মামলা না থাকলেও নেতা-কর্মীদের ধরে এসব মামলায় গ্রেপ্তার দেখানো হতে পারে বলে তাঁরা আশঙ্কা করছেন। সার্বিক পরিস্থিতিতে তিন সিটি, বিশেষ করে ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে নেমে প্রার্থীদের নিয়ে বেশ চিন্তায় পড়ে গেছে বিএনপি। এমতাবস্থায় নির্বাচনে কতটা কী করা যাবে, তা নিয়ে উদ্বিগ্ন দলের শীর্ষ নেতৃত্ব।
বিএনপির নীতিনির্ধারকেরা বলছেন, ২০-দলীয় জোটের আন্দোলন থামাতে সরকার সিটি নির্বাচন দিয়েছে। বিএনপি যাতে নির্বাচনে ভালোভাবে অংশ নিতে না পারে, সে জন্য গ্রেপ্তার, হয়রানি, জামিনে বাধাসহ ভীতিকর পরিস্থিতি বজায় রাখতে চাইবে-এমন আশঙ্কা আগে থেকেই ছিল দলের নীতিনির্ধারকদের। এ কারণে দলের পক্ষ থেকে দুই দফায় প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে দেখা করে কেন্দ্রীয় কার্যালয় খুলে দেওয়া, নেতা-কর্মীদের হয়রানি না করাসহ নির্বাচনে ‘সবার জন্য সমান সুযোগ’ নিশ্চিত করার দাবি জানানো হয়। পাশাপাশি প্রার্থী এবং প্রচারে অংশ নিতে দলের নেতা-কর্মীদের জামিনের দাবিও জানানো হয়। কিন্তু তাতে কোনো কাজ হয়নি।
গত ১ এপ্রিল বিএনপির প্রতিনিধি দল নির্বাচন কমিশনে যাওয়ার পর ৪ এপ্রিল তালা কেটে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ঢোকেন দলের নেতা-কর্মীরা। সে সময় পুলিশ বাধা দেয়নি। কিন্তু তালা খোলার পরদিন থেকে বিএনপির কার্যালয়ের আশপাশ থেকে ১৩ জন কর্মীকে আটক করা হয়েছে।
বিএনপির অভিযোগ, পুলিশ তাঁদের কেন্দ্রীয় কার্যালয় এলাকা থেকে আটক করলেও পরে রাজধানীর অন্য এলাকা থেকে গ্রেপ্তার দেখানো হয়। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে যেতে নেতা-কর্মীরা যাতে ভয় পায়, এ জন্য পুলিশ এ কৌশল নিয়েছে। এরই মধ্যে বিএনপির সহ-দপ্তর সম্পাদক শামীমুর রহমান জামিনে বের হওয়ার পর কাশিমপুর কারাগারের ফটক থেকে আবার আটক করা হয়। তেজগাঁও কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম নিখোঁজ রয়েছেন। বিএনপির অভিযোগ, সাদা পোশাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাঁকে গত বুধবার রাতে ধরে নিয়ে যান।
বিএনপির দায়িত্বশীল নেতারা বলছেন, আদালতে গিয়ে জামিন নেওয়ার পর খালেদা জিয়ার বাড়ি ফেরা, নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় খুলতে দেওয়ার পর তাঁরা আশা করেছিলেন, সরকার নতুন করে আর কোনো বাড়াবাড়িতে যাবে না। কিন্তু বিএনপির নেতারা এখন মনে করছেন, সরকারের মনোভাবের কোনো পরিবর্তন হয়নি।
তফসিল অনুযায়ী, গত ৭ এপ্রিল থেকে নির্বাচনে প্রচারের সুযোগ শুরু হয়। আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীরা পুরোদমে প্রচারে থাকলেও বিএনপি সেভাবে মাঠে নামতে পারছে না। তিন দিন পর উত্তরে তাবিথ আউয়াল গতকাল প্রচার শুরু করেছেন অনেকটাই একা। কারওয়ান বাজার থেকে তিনি প্রচার শুরু করেন। সেখানে বিএনপির কোনো পরিচিত নেতা-কর্মীকে তাঁর সঙ্গে দেখা যায়নি। গ্রেপ্তার আতঙ্কে মির্জা আব্বাস এখনো মাঠে নামেননি। তাঁর পক্ষে স্ত্রী আফরোজা আব্বাস প্রচার চালাচ্ছেন।
আফরোজা আব্বাস অভিযোগ করে আসছেন, নির্বাচনে সমান সুযোগ সৃষ্টি হয়নি। রাজধানীর পাড়া-মহল্লায় ঘর-বাড়ির দেয়ালে সরকার-সমর্থিত মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের পোস্টারে ভরে উঠছে। নির্বাচনী কার্যালয় বানিয়ে কর্মী-সমর্থকেরা আড্ডাও জমিয়েছেন। কিন্তু বিএনপির প্রার্থীদের এখনো দেখা নেই। দলটির নেতারা বলছেন, মাঠে নেতাদের সঙ্গে প্রচারের মূল কাজটি করেন কর্মীরা। কিন্তু ঢাকায় নেতা-কর্মীরা এখনো আশ্বস্ত হতে পারছেন না। তাঁদের একটি বড় অংশ এখনো আত্মগোপনে। তাঁদের আশঙ্কা, মাঠে নামলে গ্রেপ্তার হতে হবে। যে কারণে প্রচারে কাঙ্ক্ষিত ফল পাওয়া যাচ্ছে না।
এ বিষয়ে জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান প্রথম আলোকে বলেন, ‘সরকার চায় না বিএনপি নির্বাচনী প্রক্রিয়ায় থাকুক। আমরা আশা করেছিলাম দণ্ডিত হননি, এমন প্রার্থী এবং প্রচারে অংশ নিতে নেতাদের জামিন দেওয়া হবে। সেটি তো হচ্ছেই না, উল্টো আজ (শুক্রবার) শ্রমিক দলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম খানের বাসায় পুলিশ তল্লাশি করেছে। বিএনপির সহ-দপ্তর সম্পাদক শামীমুর রহমান জামিনে মুক্তি পেয়ে বের হওয়ার পর আবার তাঁকে আটক করা হয়েছে। একজন প্রার্থীকে কমিশন থেকে গ্রেপ্তার করা হয়েছে। এ সবের অর্থ কী?’