সাংবাদিক শফিক রেহমানের জামিন বিষয়ে আগামী রোববার আদেশ দেবেন আপিল বিভাগ। গতকাল বৃহস্পতিবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের বেঞ্চ এই দিন ধার্য করেন। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। সাংবাদিক শফিক রেহমানের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এ জে মোহাম্মদ আলী। এর আগে গত ৭ জুন হাইকোর্ট শফিক রেহমানের জামিন আবেদন খারিজ করে দেন। ওই আদেশের বিরুদ্ধে লিভ টু আপিল করেন। পরে চেম্বার বিচারপতির আদালত ১৪ জুলাই বিষয়টি শুনানির জন্য আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠিয়ে দেন। সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যার ষড়যন্ত্রের অভিযোগে পুলিশ গত বছরের আগস্টে রমনা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে, যা পরে মামলায় রূপান্তরিত হয়। ১৬ এপ্রিল ডিবি নিউ ইস্কাটন গার্ডেনের বাসা থেকে শফিক রেহমানকে আটক করে।