জামিনের আবেদন করেছেন মুজাহিদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২১ আগস্টের গ্রেনেড হামলা মামলায় গতকাল রোববার জামিনের আবেদন করেছেন জামায়াতের নেতা আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ। বিচারিক আদালত ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এ বিষয়ে শুনানির দিন ধার্য করেছেন ২৩ এপ্রিল।এ ছাড়া গতকাল মামলার বাদী মতিঝিল থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) শরীফ ফারুখ আহমদকে হত্যা মামলায় সম্পূরক অভিযোগপত্রভুক্ত আসামিপক্ষের আইনজীবীরা জেরা করেছেন। তবে আসামি আলী আহসান মুজাহিদের পক্ষে জেরার জন্য সময়ের আবেদন করা হয়। এর আগে ৯ এপ্রিলও একই মামলায় আসামিরপক্ষ বাদীকে জেরা করে।বিস্ফোরক দ্রব্য আইনে করা মামলায়ও বাদীকে এই জেরা একই আদালতে নেওয়া হবে কি না, তা গতকাল জানতে চান আদালত। আসামিপক্ষের আইনজীবীরা আইনগত বিষয় দেখে সিদ্ধান্ত নেবেন বলে আদালতকে জানান। আদালত সূত্র জানায়, গত ২৮ মার্চ সম্পূরক অভিযোগপত্রভুক্ত আসামি লুৎফুজ্জামান বাবর, আলী আহসান মোহাম্মাদ মুজাহিদসহ কারাগারে আটক ১৪ আসামির পক্ষে আগের অভিযোগপত্রভুক্ত ৬১ জন সাক্ষীকে জেরা করার আবেদন করা হয়। আদালত শুধু বাদীকে জেরার করার আদেশ দেন। বাকি ৬০ জন সাক্ষীকে আদালতে পুনরায় আনার আবেদন নাকচ করে দেন আদালত।২০০৪ সালের ২১ আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে ওই গ্রেনেড হামলা হয়। এতে দলের ২২ জন নেতা-কর্মী নিহত হন। আহত হন শেখ হাসিনাসহ কয়েক শ ব্যক্তি।