জামিনের পর ফের গ্রেপ্তার বরখাস্ত মেয়র মান্নান
জামিন পেলেও মুক্তি মিলছে না গাজীপুর সিটি করপোরেশনের সাময়িক বরখাস্ত হওয়া মেয়র এম এ মান্নানের। জয়দেবপুর থানায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি দুর্নীতির মামলায় গত বুধবার উচ্চ আদালত থেকে তিনি জামিন পান। ওই দিনই জয়দেবপুর থানায় ২০১৫ সালে দায়ের হওয়া বিশেষ ক্ষমতা আইনের একটি মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
২২টি মামলায় ১৩ মাস কারাবন্দী থাকার পর চলতি বছরের ২ মার্চ এম এ মান্নান জামিনে মুক্ত হন। এরপর গত ১৫ এপ্রিল রাতে গাজীপুরের চান্দনা চৌরাস্তায় একটি বাসে অগ্নিসংযোগের ঘটনায় জড়িত থাকার অভিযোগে কালিয়াকৈরের মৌচাক এলাকা থেকে এম এ মান্নান ও তাঁর সহযোগীদের গ্রেপ্তার করে পুলিশ।
ওই দিনই টঙ্গী ও কালিয়াকৈরে গাড়িতে অগ্নিসংযোগ এবং পেট্রলবোমা হামলার ঘটনায়ও এম এ মান্নানকে আসামি করে আরও দুটি মামলা করে পুলিশ। এ তিনটি মামলাতেই এম এ মান্নান উচ্চ আদালত থেকে বিভিন্ন সময়ে জামিন পান। ২৩ জুন দুর্নীতির অভিযোগে দুদক এম এ মান্নানের বিরুদ্ধে জয়দেবপুর থানায় একটি মামলা করে। বুধবার ওই মামলায় হাইকোর্ট থেকে জামিন পান তিনি। ওই দিনই একটি নাশকতার মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়।
এম এ মান্নান বর্তমানে গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এ বন্দী রয়েছেন। সদ্য ঘোষিত বিএনপির জাতীয় নির্বাহী কমিটিতে তিনি ভাইস চেয়ারম্যান পদে মনোনীত হয়েছেন।
গত বছরের ৪ ফেব্রুয়ারি রাতে গাজীপুরে যাত্রীবাহী বাসে পেট্রলবোমা হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে ১১ ফেব্রুয়ারি সন্ধ্যায় মেয়র এম এ মান্নান ঢাকার বারিধারার বাসভবন থেকে গ্রেপ্তার হন।