জামিনের মেয়াদ শেষ হলেও ২৭ আসামির সবাই মুক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের বড়াইগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান সানাউল্লাহ নূর বাবুকে প্রকাশ্যে পিটিয়ে হত্যা করার মামলাটির তদন্ত গত এক বছরেও শেষ হয়নি। জামিনের মেয়াদ শেষ হওয়ার পরও এজাহারভুক্ত ২৭ আসামি মুক্ত জীবনযাপন করছে। মামলা পরিচালনা ও বিচারের দাবি আদায়ে বিএনপির নেতা-কর্মীরা কাঙ্ক্ষিত সহযোগিতা করছেন না বলে অভিযোগ করেছেন সানাউল্লাহর স্ত্রী মহুয়া নূর কচি।গত বছরের ৭ অক্টোবর বড়াইগ্রামের বনপাড়া বাজারে প্রকাশ্যে বনপাড়া পৌর বিএনপির সভাপতি সানাউল্লাহকে পিটিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এর দুই দিন পর ৯ অক্টোবর স্ত্রী মহুয়া জেলা আওয়ামী লীগের সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক এবং বর্তমানে বনপাড়া পৌরসভার চেয়ারম্যান জাকির হোসেনসহ ছাত্রলীগ ও যুবলীগের ২৭ নেতা-কর্মীর বিরুদ্ধে বড়াইগ্রাম থানায় হত্যা মামলা করেন। অজ্ঞাত আসামি করা হয় ১০-১৫ জনকে।মামলাটির তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের (ডিবি) তৎকালীন উপপরিদর্শক (এসআই) আবদুল হান্নান এজাহারভুক্ত আসামি রাপ্পু ওরফে রাসেল, বাদশা, আশরাফুল ও লুৎফর রহমানকে গ্রেপ্তার করেন। জিজ্ঞাসাবাদের জন্য তাঁদের রিমান্ডেও নেওয়া হয়। বড়াইগ্রাম আওয়ামী লীগ প্রতিবাদ সভা করে এসআই হান্নানকে শায়েস্তা ও বদলি করার হুমকি দেয়। এ বছরের ৩ ফেব্রুয়ারি তদন্ত কর্মকর্তা পরিবর্তন করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সহকারী পুলিশ সুপার (এএসপি) আহম্মদ আলীকে দায়িত্ব দেওয়া হয়।গত রোববার সানাউল্লাহ হত্যা মামলার এক বছর পূর্ণ হলেও এএসপি আহম্মদ অভিযোগপত্র দাখিল করতে পারেননি। এ প্রসঙ্গে আহম্মদ আলী বলেন, ‘এটি একটি স্পর্শকাতর রাজনৈতিক হত্যা মামলা। তাই খুবই সতর্কতার সঙ্গে তদন্ত করা হচ্ছে। নানা কারণে তদন্ত বাধাগ্রস্ত হচ্ছে। বিশেষ করে বাদীকে বারবার বলার পরও সব সাক্ষীকে হাজির করতে পারছেন না। অনেকে রাজনৈতিক কারণে সাক্ষ্য দিতে আগ্রহ হারাচ্ছেন।’মামলার বাদী মহুয়া নূর বলেন, ‘আমার স্বামীকে হত্যার দৃশ্য বিভিন্ন সংবাদপত্রে ছাপানো হয়েছে, টেলিভিশনে বহুবার দেখানো হয়েছে। এর পরও পুলিশ কেন তদন্তে বিলম্ব করছে তা জানি না। আমার বিশ্বাস, আসামিরা ক্ষমতাসীন দলের নেতা-কর্মী হওয়ায় তাদের বাঁচানোর ফন্দি করা হচ্ছে।’এদিকে মামলার আসামি রাপ্পু ওরফে রাসেল, বাদশা, আশরাফুল, লুৎফর, রেজাউল, হাসেম, গৌতম, মালেক, হাবিব, বাবলু ও বাবু গত ৬ মার্চ হাইকোর্ট থেকে ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন নেন। ৬ সেপ্টেম্বর ওই জামিনের মেয়াদ শেষ হয়েছে। এর আগে আসামি আবদুর রাজ্জাক ১৫ ডিসেম্বর ছয় মাসের, তরিকুল ইসলাম ওরফে সৈকত গত ১৭ জানুয়ারি তিন মাসের এবং মোয়াজ্জেম হোসেন বাবলু ৩১ জানুয়ারি, মাসুদ সোনার ও শফিক ১ ফেব্রুয়ারি, আশরাফুল ইসলাম, হাসেম, মাহবুব ও সেলিম ১০ ফেব্রুয়ারি ও খোকন মোল্লা ২৩ ফেব্রুয়ারি হাইকোর্ট থেকে চার মাসের অন্তর্বর্তীকালীন জামিন পান। তাঁদের সবার জামিনের মেয়াদ অনেক আগেই শেষ হয়েছে। মামলার প্রধান আসামি বনপাড়া পৌরসভার মেয়র জাকির হোসেনসহ ছয় আসামির জামিনসংক্রান্ত তথ্য বড়াইগ্রাম আমলি আদালতে পাওয়া যায়নি। জাকিরের দাবি, তিনি হাইকোর্ট থেকে জামিন নিয়েছেন।গত রোববার পর্যন্ত মামলার নথিতে আসামিদের জামিনের মেয়াদ বাড়ানোর কোনো কাগজপত্র ছিল না। অথচ তাঁরা এখনো মুক্ত জীবনযাপন করছেন। এ ব্যাপারে বড়াইগ্রাম আমলি আদালতের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা (জিআরও) রেজাউল ইসলাম বলেন, ‘গত ১৪ জুলাই মামলাটির সর্বশেষ ধার্য তারিখ ছিল। ওই সময় পর্যন্ত আসামিদের জামিনের মেয়াদ ছিল। এর পরের তারিখ ২০ নভেম্বর। ওই দিন আসামিরা জামিনের মেয়াদ বাড়ানোর কাগজপত্র দেখাতে না পারলে আদালত পরবর্তী সিদ্ধান্ত জানাবেন। এ ব্যাপারে আমাদের কোনো অবহেলা নেই।’বাদী মহুয়া নূর বলেন, ‘আমি একজন বিধবা নারী। বাড়িতে তিনটি মেয়ে। তাদের দেখাশোনা নিয়ে ব্যস্ত থাকতে হয়। তাই মামলার যথাযথ খোঁজখবর নিতে পারি না। দলের পক্ষ থেকেও আমাকে কাঙ্ক্ষিত সহযোগিতা করা হচ্ছে না। সানাউল্লাহকে হত্যা করার এক বছর পার হয়েছে। অথচ তাঁর স্মরণসভা উপলক্ষে দলের কেন্দ্রীয় কোনো বড় নেতা নাটোরে আসেননি। আমি খুবই দুঃখ পেয়েছি।’