জামিনের শুনানিকালে চট্টগ্রামে আদালতে আসামির মৃত্যু
জামিনের শুনানি চলাকালে গতকাল বুধবার সকালে চট্টগ্রাম আদালতের হাজতখানায় একজন আসামির মৃত্যু হয়েছে। ওই আসামির নাম নাসিরউদ্দিন আহমেদ চৌধুরী (৫২)। ধারালো অস্ত্র দিয়ে মাকে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় তিনি গ্রেপ্তার হয়েছিলেন। গতকাল দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে সুরতহালের পর নাসিরের মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় কোতোয়ালি থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। আদালতসূত্রে জানা গেছে, ২০০৭ সালের ৫ ফেব্রুয়ারি নাসির গ্রেপ্তার হন। ওই দিন ধারালো অস্ত্র দিয়ে তিনি মা আছিয়া বেগম ও ভাই সাহাবউদ্দিনকে কুপিয়ে গুরুতর আহত করেন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তাঁর মা মারা যান। এ ঘটনায় নাসিরের বড় ভাই কামালউদ্দিন কোতোয়ালি থানায় তাঁকে আসামি করে হত্যা মামলা করেন।সহকারী পুলিশ কমিশনার (প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী প্রথম আলোকে বলেন, ‘হত্যা মামলায় নাসিরের জামিনের আবেদনের শুনানির দিন ধার্য ছিল। আদালতের নির্দেশে তাঁকে কারা হাসপাতাল থেকে আদালতে আনা হয়। কিন্তু অসুস্থ থাকায় তাঁকে এজলাস কক্ষে নেওয়া সম্ভব হয়নি।