জামিল হোসেন হত্যার দায়ে ১২ জনের যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জামিল হোসেন হত্যা মামলার রায়ে ১২ জনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে ২৩ জন আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়।
আজ বুধবার খুলনার দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক আখতার হোসেন এ রায় দেন।
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিদের প্রত্যেককে ২৫ হাজার টাকা করে জরিমানা ও অনাদায়ে ছয় মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।
সাজাপ্রাপ্ত আসামিরা হলেন—ইব্রাহীম, হাবিল, শামীম, ইসলাম, জিয়া, ডাবলু, শাহেদ, জাহাঙ্গীর ওরফে বাবু, রাজ্জাক, আরিফ খান মিঠু, মানিক ও মুকুল হোসেন। এর মধ্যে মানিক ও ইসলাম নামের দুজন পলাতক রয়েছেন।
২০০৯ সালের ২৬ জুলাই বিকেল চারটার দিকে জামিল হোসেনকে গুলি করে হত্যা করা হয়। পরদিন তাঁর ভাই জিয়াউল ইসলাম কুমারখালী থানায় মামলা করেন। মামলায় ৩৫ আসামির নামে ২০১০ সালের ৭ সেপ্টেম্বর অভিযোগপত্র দেয় পুলিশ। আজ রায় ঘোষণার সময় আদালতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ১০জনসহ ২৫ আসামি উপস্থিত ছিলেন।
জিয়াউল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘আসামিদের ফাঁসি হলে শতভাগ খুশি হতাম। তাই ফাঁসির জন্য উচ্চ আদালতে আবেদন করা হবে।’