জামিলের ফার্ম পরিদর্শন করল রাকাব প্রতিনিধিদল
জামিল আশরাফের ‘ইউসুফ ডেইরি ফার্ম’ পরিদর্শন করেছে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব) প্রতিনিধিদল। গতকাল মঙ্গলবার ব্যাংকের ওই প্রতিনিধিদল নীলফামারীর সৈয়দপুর শহরের বাঁশবাড়ী মহল্লায় ওই ফার্মটি ঘুরে দেখে।
গত ২১ আগস্ট প্রথম আলোর বিশাল বাংলায় ‘ওষুধ ছাড়াই গরু-ছাগল হৃষ্টপুষ্ট করছেন জামিল’ শীর্ষক প্রতিবেদন ছাপা হয়।
শিল্পপতি পরিবারের শিক্ষিত ছেলে জামিল আশরাফ। তিন বছর আগে তিনি ফার্মটি গড়ে তোলেন। কোরবানি ঈদ সামনে রেখে এবারও ওই ফার্মে ৮৪টি গরু ও ৩৬টি খাসি লালন-পালন করা হয়। এরই মধ্যে অর্ধেক পশু বিক্রি হয়ে গেছে।
জামিল প্রতিনিধিদলকে বলেন, তিনি পশু মোটাতাজাকরণে কোনো রাসায়নিক ব্যবহার করেননি। এ-সংক্রান্ত পশুসম্পদ বিভাগের সনদ উপস্থাপন করেন তিনি। প্রতিনিধিদল খামার ও এর পরিচর্যা ব্যবস্থাপনা দেখে অভিভূত হয়েছে।
ওই প্রতিনিধিদলে নেতৃত্ব দেন রাকাবের মহাব্যবস্থাপক মো. জহুরুল ইসলাম। তাঁর সঙ্গে ছিলেন ব্যাংকের দিনাজপুর অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক মাহাবুবুল আলম, নীলফামারীর আঞ্চলিক ব্যবস্থাপক মো. আশরাফ আলী, সৈয়দপুর শাখা ব্যবস্থাপক আবদুস সালাম খান প্রমুখ।
মহাব্যবস্থাপক জহুরুল ইসলাম বলেন, ‘গত ২১ আগস্টের প্রথম আলোর ওই প্রতিবেদনটি চোখে পড়ে। সে কারণে আমরা ফার্মটির প্রতি আকৃষ্ট হই। জামিলের মতো শিক্ষিত যুবকেরা যদি এভাবেই নিজেদের আত্মকর্মসংস্থান গড়ে তোলেন, তাহলে নিঃসন্দেহে দেশ অর্থনৈতিকভাবে এগিয়ে যাবে।’