জামুর্কী নবাব স্যার আব্দুল গনি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূতি উদ্যাপন
বয়সের ভারে ন্যুব্জ সাবেক শিক্ষক বদর উদ্দিনও (৮৫) এসেছিলেন। তাঁকে পেয়ে বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা ভিড় করে তাঁকে ঘিরে ধরেন পায়ের ধুলা মাথায় নিতে। গতকাল শুক্রবার এই শিক্ষকের আশীর্বাদ যেন ছিল জামুর্কী নবাব স্যার আব্দুল গনি উচ্চবিদ্যালয়ের পুরোনো শিক্ষার্থীদের সহপাঠীদের কাছে পাওয়ার আনন্দের সঙ্গে বাড়তি পাওনা।
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার জামুর্কী নবাব স্যার আব্দুল গনি উচ্চবিদ্যালয়ের শতবর্ষ পূর্তিতে গতকাল আয়োজন করা হয়েছিল এক পুনর্মিলনী অনুষ্ঠানের। এ উপলক্ষে নতুন ও পুরোনো শিক্ষার্থীদের সঙ্গে সঙ্গে বর্তমান ও সাবেক শিক্ষকদের পদচারণেও মুখরিত হয়েছিল পুরো বিদ্যালয় চত্বর। বিদ্যালয়টির প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ‘জামুর্কী নবাব স্যার আব্দুল গনি উচ্চবিদ্যালয় পুরাতন ছাত্র অ্যাসোসিয়েশন’ এ অনুষ্ঠানের আয়োজন করে।
এতে সভাপতিত্ব করেন বিদ্যালয়টির প্রাক্তন ছাত্র ও সংগঠনের সভাপতি খ. সেলিম হোসেন। প্রধান অতিথি ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী। আরও ছিলেন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ও স্থানীয় সাংসদ একাব্বর হোসেন প্রমুখ।