জাম্বুরি মাঠে নতুন উদ্যান হচ্ছে
চট্টগ্রাম নগরের আগ্রাবাদে জাম্বুরি মাঠের অর্ধেক অংশে নতুন একটি উদ্যান গড়ে তোলা হবে। এতে হ্রদ, বসার স্থান, ক্যাফেটেরিয়াসহ বিভিন্ন সুযোগ-সুবিধা থাকবে। গতকাল শুক্রবার বিকেলে এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন।
মন্ত্রী বলেন, ঢাকায় বিনোদনের জন্য বিভিন্ন পার্ক থাকলেও চট্টগ্রামে সে রকম কিছু নেই। তাই গণপূর্ত অধিদপ্তর জাম্বুরি মাঠে আধুনিক সুবিধাসংবলিত এই উদ্যান করার প্রকল্প হাতে নিয়েছে। ২০১৭ সালের ডিসেম্বরের মধ্যে এর নির্মাণকাজ শেষ হবে। তিনি বলেন, দেশের চলমান উন্নয়ন বাধাগ্রস্ত করতে জঙ্গি হামলা হচ্ছে। ঐক্যবদ্ধভাবে জঙ্গিদের প্রতিরোধ ও হামলা মোকাবিলা করতে হবে।
জাম্বুরি মাঠে অনুষ্ঠিত উদ্যান প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গণপূর্ত অধিদপ্তর চট্টগ্রামের অতিরিক্ত প্রধান প্রকৌশলী হুমায়ুন কবির চৌধুরী। বক্তব্য দেন স্থাপত্য অধিদপ্তরের প্রধান স্থপতি কাজী গোলাম নাছির, গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী হাফিজুর রহমান মুন্সি ও নগর আওয়ামী লীগের সহসভাপতি আলতাফ হোসেন চৌধুরী।