জাম্বো জেট নামানো যাবে তেজগাঁওয়ের রাস্তায়

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক বলেছেন, তেজগাঁও লিংক রোডে আগে মানুষ পায়ে হেঁটে যেতে পারত না, রিকশা চলতে পারত না, এখন সেখানে জাম্বো জেট নামানো যাবে। ওই রাস্তাটি এত দিন ট্রাক রেখে বন্ধ করা হয়েছিল। এত বড় রাস্তা এই শহরে খুব কমই আছে। গতকাল সোমবার রাজধানীর কারওয়ান বাজারে একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
মেয়র বলেন, তেজগাঁও ট্রাকস্ট্যান্ড ঘিরে প্রভাবশালী চক্র গড়ে উঠেছে। একে ঘিরে দোকান তুলেছে, মাদক ব্যবসা করছে। এখন তাদের টাকা তোলা বন্ধ হয়ে যাচ্ছে। গতকালের অভিযানের সময় এ কারণেই তারা ঢিল মেরেছে। যারা হামলা করেছে তাদের খবর হয়ে যাবে। তিনি বলেন, তেজগাঁও ট্রাকস্ট্যান্ড ঘিরে প্রভাবশালীদের মাদক ব্যবসা ও চাঁদাবাজি এখন থেকে বন্ধ হয়ে যাচ্ছে। যানজট নিরসনে এরপর কারওয়ান বাজারের কাঁচাবাজারও সরিয়ে ফেলা হবে।
এর আগে গত রোববার দুপুরে তেজগাঁওয়ে অবৈধ ট্রাকস্ট্যান্ড উচ্ছেদ করতে গেলে মেয়রের উপস্থিতিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে ট্রাকশ্রমিকদের সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় কার্যত অবরুদ্ধ হয়ে পড়েন তিনি। অভিযানের সময় রেলমন্ত্রী মুজিবুল হকও উপস্থিত ছিলেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গুলি চালায়। এতে একজন আহত হন। রোববারের অভিযানের পর পরিস্থিতি জানতেই এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন আনিসুল হক। সংবাদ সম্মেলনে কারওয়ান বাজার এলাকার নির্বাচিত কাউন্সিলরসহ উত্তর সিটি করপোরেশনের বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর, ট্রাক মালিক সমিতির নেতা ও করপোরেশনের পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মেয়র বলেন, ‘আমি গতকাল (রোববার) তেজগাঁও ট্রাকস্ট্যান্ড উচ্ছেদ করতে যাইনি। সেখানকার রাস্তা পরিষ্কার করতে গেছি। তেজগাঁও ট্রাকস্ট্যান্ডের ভেতরে স্ট্যান্ডকে ঘিরে অবৈধ ব্যবসা হচ্ছে। সেখানে অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে গেছি।’ তিনি বলেন, ‘দখলদারেরা আমার সঙ্গে “পলিটিকস” খেলছে। আমি তাদের কিছু বলিনি। সেখানে পুলিশ ছিল, তারা কিছুই করেনি। চাইলে অনেক কিছু করা যেত। কারণ, আমার সঙ্গে অনেক ফোর্স ছিল, তারা নীরব থেকেছে।’ তিনি বলেন, ‘শ্রমিকদের ভুল বোঝানো হয়েছে, কারা বুঝিয়েছে সেটাও আমরা জানি। তারপরও বলছি, আমি কোনো রাস্তা জবরদখল হতে দেব না, রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে রাখতে দেব না। আপনারা আমাদের ওপর ভরসা রাখুন।’
মেয়র বলেন, ‘সরকারি জমি দখলের অধিকার কারও নেই। সাধারণ মানুষ চায় রাস্তাঘাট পরিষ্কার হোক, সব মানুষ চায় রাস্তা যানজটমুক্ত হোক। ট্রাফিক জটমুক্ত হোক রাস্তা। কোনো গর্ভবতী মাকে যেন আর রাস্তায় নেমে হাসপাতালে যাওয়ার জন্য কষ্ট করতে না হয়। তবে আধুনিক ট্রাকস্ট্যান্ড তৈরির জন্য আমরা জমি খুঁজছি। জমি পেলেই সেখানে ট্রাকস্ট্যান্ড তৈরি করে দেওয়া হবে। সেটা শহরের ভেতরে হওয়ার সম্ভাবনা কম।’
মেয়র বলেন, ‘যারা হামলা করেছে, তাদের ধরার জন্য স্বরাষ্ট্রমন্ত্রী ও পুলিশকে অনুরোধ করেছি। কেউ ছাড় পাবে না। যারা এখন শক্তি দেখানোর চেষ্টা করছে, তাদের শক্তি মাদকের, এই শক্তি চাঁদাবাজির টাকার। এ শক্তি থাকবে না।’