জায়গা নিয়ে জটিলতায় থেমে আছে বার্ন ইনস্টিটিউট তৈরির কাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জায়গা নিয়ে জটিলতার কারণে প্রধানমন্ত্রীর ঘোষণার পরও জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নির্মাণকাজ শুরু করা যাচ্ছে না। রাজধানীর চানখাঁরপুলে ১ একর ৭৮ শতাংশ জায়গার ওপর ইনস্টিটিউটটি করার জন্য জায়গা বরাদ্দ দেওয়া হয়েছে। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় বলছে, প্রস্তাবিত জায়গাটির বড় অংশই অবৈধ দখলদারদের হাতে চলে গেছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের অধীনে ১০০ শয্যার বার্ন ইউনিটটিতে প্রতিদিন তিন গুণ রোগী ভর্তি থাকে। রোগীদের প্রয়োজনে এবং সারা দেশে আগুনে পোড়া মানুষের চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসক তৈরির জন্য বেশ কয়েক বছর ধরেই চিকিৎসকেরা আলাদা একটি ইনস্টিটিউটের দাবি জানিয়ে আসছিলেন। এরই পরিপ্রেক্ষিতে চানখাঁরপুলের যে জায়গাটিতে যক্ষ্মা নিয়ন্ত্রণ ও প্রশিক্ষণ প্রতিষ্ঠান, সে জায়গায় বার্ন ইনস্টিটিউট প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেয় সরকার। জায়গাটি পূর্ত মন্ত্রণালয়ের বলে দাবি করছে ওই জায়গায় বসবাসকারীদের একটি অংশ। এর মধ্যেই গত বৃহস্পতিবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সাইনবোর্ড টাঙিয়ে দিয়ে এসেছে।
জানতে চাইলে স্বাস্থ্যসচিব সৈয়দ মনজুরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘এই জায়গাতেই বার্ন ইনস্টিটিউট হবে, এটিই সরকারের সিদ্ধান্ত।’
বার্ন ও প্লাস্টিক সার্জারির সমন্বয়ক সামন্ত লাল সেন বলেছেন, ‘প্রধানমন্ত্রী বার্ন ইনস্টিটিউট প্রতিষ্ঠার উদ্যোগ নিতে বলেছেন ফেব্রুয়ারি মাসে। পরিকল্পনা আমরা চূড়ান্ত করেছি। শুধু জায়গা নিয়ে জটিলতার কারণে কাজ শুরু করতে পারছি না। এটা দুঃখজনক।’
গত ৩১ মে যক্ষ্মা নিয়ন্ত্রণ ও প্রশিক্ষণ প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক মো. শাহজাহান মোল্যা স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় বরাবর চানখাঁরপুলের জায়গাটির কী হাল সে বিষয়ে একটি প্রতিবেদন জমা দেন। প্রতিবেদনে উল্লেখ করা হয়, যক্ষ্মা হাসপাতালেরই সাবেক তত্ত্বাবধায়ক শফিউল্লাহর ছেলে জনৈক পরাগ একটি বড় অংশ দখল করে রেখেছেন এবং সেখানে ঘর তুলে ভাড়া দিয়ে রেখেছেন। তাঁর দখল করা জায়গায় তেলের দোকান, ভাঙারি ব্যবসার মালামাল, ময়মনসিংহ সোনালী পরিবহন, খোকন মোটরস ওয়ার্কশপ, লালবাগ কেমিক্যাল গোডাউন, সেতু এন্টারপ্রাইজ নামের কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠান আছে। শফিউল্লাহ মারা গেছেন। তিনি জায়গাটি স্বাস্থ্য অধিদপ্তর থেকে কোনো একসময় ইজারা নিয়েছিলেন। পরে ইজারা বাতিল করা হয়। কিন্তু তাঁর ছেলে জায়গাটি ছাড়েননি।
এর বাইরে ওই জায়গায় কনফিডেন্স ফিলিং স্টেশন, মিম টেলিকম অবৈধভাবে ব্যবসা করছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। ইনস্টিটিউটের জায়গায় তিনটি স্টাফ কোয়ার্টার রয়েছে। স্টাফ কোয়ার্টারে বসবাসকারীদের জন্য একটি ক্লাবঘর তৈরি করা হয়েছিল। সেটিও অবৈধভাবে ভাড়া দেওয়া হয়েছে। যক্ষ্মা হাসপাতালের একজন গাড়িচালক মো. মোতাহার হোসেন টিনশেড ঘর তুলে ভাড়া দিয়ে রেখেছেন বলেও প্রতিবেদনে বলা হয়েছে।
গত শনিবার ঘটনাস্থলে গিয়ে কথা হয় বাসিন্দাদের সঙ্গে। হাসপাতালের যে কর্মচারীরা স্টাফ কোয়ার্টারে ছিলেন, তাঁরা এলাকা ছেড়ে যাওয়ার প্রস্তুতি নিয়েছেন। তাঁদের ১ সেপ্টেম্বরের মধ্যে চলে যেতে বলা হয়েছে। তবে অন্য কেউ কোনো নোটিশ পাননি বলে দাবি করেছেন। কনফিডেন্স ফিলিং স্টেশনের ব্যবস্থাপক মনিরুল হক বলেন, ২০০০ সালে ৬ লাখ ৬৬ হাজার ৬৬৭ টাকার বিনিময়ে তিনি ৩০ বছরের জন্য ১১ শতাংশ জমি পূর্ত মন্ত্রণালয়ের কাছ থেকে ইজারা নিয়েছেন। তিনি অবৈধ দখলদার নন। প্রথম আলোকে মনিরুল বলেন, ‘আমরাও চাই বার্ন ইনস্টিটিউট হোক। কিন্তু আমাদের স্থানান্তরের জন্য সময় ও জায়গা দরকার।’ এদিকে অবৈধ দখলকারী হিসেবে উল্লিখিত ‘পরাগ’কে পাওয়া যায়নি। স্থানীয় বাসিন্দারা বলেছেন, তাঁরা গণপূর্ত মন্ত্রণালয়ের অনুমতি নিয়ে ওই এলাকায় থাকছেন। সুমন মিয়া নামের এক বাসিন্দা বলেন, ‘আমরা গণপূর্তের জায়গায় আছি। উইঠা যাওনের জন্য কেউ কোনো চিঠিপত্র দেয় নাই। স্বাস্থ্য থাইকা আইসা ঘুইরা ঘুইরা বইলা গ্যাছে এইখানে বার্ন হাসপাতাল হইব। আমরা যাইতেছি না।’
স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, গণপূর্ত বিভাগের একজন প্রকৌশলী জায়গাটি পাম্পকে ইজারা দিয়েছেন। তিনি ইজারা দিতে পারেন কি না সে বিষয়টি খতিয়ে দেখা প্রয়োজন। এ ছাড়া ইজারার শর্তে বলাই আছে, সরকার প্রয়োজনে ইজারা বাতিল করতে পারবে।
এ বিষয়ে জানতে পূর্তসচিব মইনুদ্দিন আবদুল্লাহর মুঠোফোনে যোগাযোগ করলে সেটি বন্ধ পাওয়া গেছে।