জায়গায় জায়গায় খানকা শরিফ খুলবেন না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংসদ সচিবালয়ের একাধিক বাড়ি নিজ দখলে রাখায় চিফ হুইপ আ স ম ফিরোজের সমালোচনা করেছেন জাতীয় পার্টির সাংসদ কাজী ফিরোজ রশীদ।

আজ সোমবার সম্পূরক বাজেটের ওপর আলোচনায় ফিরোজ রশীদ চিফ হুইপের উদ্দেশে বলেন, ‘আপনি জায়গায় জায়গায় খানকা শরিফ খুলবেন, আর জনগণ মোমবাতি জ্বালাবে, তা তো হয় না।’
ফিরোজ রশীদ বলেন, ‘চিফ হুইপের চার-পাঁচটি বাড়ি রয়েছে। এসব বাসা কোথায়, তাতে কে থাকে, তার সবই পত্রিকায় এসেছে। আজও এ নিয়ে পত্রিকায় খবর রয়েছে। এটা হয়ে থাকলে তিনি সঠিক কাজ করেননি। জনগণের টাকা এভাবে অপচয় ঠিক নয়।’
উল্লেখ্য, গতকাল রোববার প্রথম আলোতে ‘এক চিফ হুইপের এত্ত সরকারি বাসা!’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এ প্রতিবেদন নিয়ে চিফ হুইপ গতকাল সংসদে বলেন, ‘প্রথম আলোতে “এক চিফ হুইপের এত্ত সরকারি বাসা!” শিরোনামে প্রতিবেদন ছাপা হয়েছে। এতে আমি দুঃখিত, লজ্জিত ও ব্যথিত। প্রথম আলো, ডেইলি স্টার ও যুগান্তর পত্রিকা নির্বাচনের আগে থেকেই আমার সম্পর্কে লিখে যাচ্ছে। এর পরও লিখেছে। কিন্তু কিছুই প্রমাণ করতে পারেনি। এখনো লিখে যাচ্ছে। লিখেছে, আমার নামে চারটি বাসা বরাদ্দ আছে। আসলে কোনোটাই সত্য নয়, অসত্য তথ্য দিয়ে লেখা হয়েছে।’
চিফ হুইপ আরও বলেন, ‘আমার বর্ণাঢ্য রাজনৈতিক ক্যারিয়ার আছে। সেটা নষ্ট করতে একটি চক্রের চক্রান্তে এসব পত্রিকায় নিউজ প্রকাশিত হচ্ছে। ব্যক্তিগত আক্রোশ নিয়ে লেখা হচ্ছে। যেভাবে রিপোর্টিং করা হয়েছে, তার কোনোটাই সত্য নয়।’
তবে সংসদ সচিবালয়ের চারটি বাসা চিফ হুইপের নামে বরাদ্দ কোন এখতিয়ারে করা আছে, সে বিষয়ে চিফ হুইপ কোনো ব্যাখ্যা দেননি।