জায়গার দখল নিয়ে দুই পক্ষে সংঘর্ষ, আহত ১২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীতে গতকাল বৃহস্পতিবার সকালে দোকানের জায়গা দখলকে কেন্দ্র করে বিবদমান দুই পক্ষের সংঘর্ষে নারীসহ উভয় পক্ষের অন্তত ১২ জন আহত হয়েছেন। সকালে সদর উপজেলার কারাদরাপ ইউনিয়নের উত্তর শুল্লাকিয়া এলাকার চৌরাস্তা বাজারে এ ঘটনা ঘটে।
হামলায় আহত ব্যক্তিদের মধ্যে পাঁচজনকে নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁরা হলেন আহছান উল্লা (৬০), বদিউল আলম মাঝি (৪৫), আমেনা বেগম (৪০), মো. ইউছুফ (৩৫) ও গোলাফ মাওলা (৭০)। এ ছাড়া আহত বাকিদের একই হাসপাতালে এবং স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কালাদরাপ ইউনিয়নের চৌরাস্তা বাজারের একটি দোকানের জায়গা নিয়ে একই ইউনিয়নের জাকের মাঝি ও আমিন উল্লার মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। বিষয়টি স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) মধ্যস্থতায় মীমাংসার অপেক্ষায় রয়েছে। কিন্তু এরই মধ্যে গতকাল সকাল সাড়ে আটটার দিকে জাকের মাঝির পক্ষে একদল সন্ত্রাসী ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে দোকানের জায়গা দখল করতে আসে। এ সময় প্রতিপক্ষ আমিন উল্লার লোকজন বাধা দিয়ে হামলার শিকার হন। এর কিছুক্ষণ পর উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটে।
আমিন উল্লা অভিযোগ করেছেন, জাকের মাঝির পক্ষ হয়ে ইউপি চেয়ারম্যানের লোকজনও তাঁর দোকানের জায়গা দখলে সহায়তা এবং তাঁদের ওপর হামলা চালান। অপরদিকে জাকের মাঝি জায়গাটি নিজের দাবি করে আমিন উল্লার বিরুদ্ধে হামলার অভিযোগ করেন।
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, পক্ষ দুটির মধ্যে দোকানের জায়গা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। বিষয়টি পরিষদে সালিসের মাধ্যমে নিষ্পত্তির চেষ্টা চলছে। কিন্তু জাকের মাঝি লোকজন নিয়ে বিরোধপূর্ণ জায়গাটি দখল করতে যান। তবে এ ঘটনার সঙ্গে তাঁর কোনো লোকজন জড়িত থাকার অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেন চেয়ারম্যান।
কালাদরপ ইউনিয়নের দায়িত্বে থাকা সুধারাম থানার উপপরিদর্শক (এসআই) মোশারফ হোসেন প্রথম আলোকে বলেন, তিনি মুঠোফোনে ঘটনাটি শুনেছেন। কিন্তু রাজনৈতিক কর্মসূচি নিয়ে শহরে দায়িত্ব পালন করায় ঘটনাস্থলে যেতে পারেননি। তবে এ ঘটনায় কেউ গতকাল সন্ধ্যায় থানায় অভিযোগ করেনি।