জায়গার মালিকানা নেই, তবু টার্মিনাল নির্মাণের কার্যাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিজস্ব জমি না থাকা সত্ত্বেও বরিশাল ও ভোলার দুটি ফেরিঘাটে টামির্নাল নির্মাণের কার্যাদেশ দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। কার্যাদেশ পেলেও জমি নিয়ে জটিলতা থাকায় ঠিকাদারেরা কাজ শুরু করতে পারছেন না।

বিআইডব্লিউটিএর বরিশাল কার্যালয় সূত্রে জানা গেছে, বরিশাল-ভোলা-লক্ষ্মীপুর-চট্টগ্রাম মহাসড়কের বরিশাল সদর উপজেলার লাহারহাট এবং ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ফেরিঘাটে যাত্রী ছাউনি, বিশ্রামাগার, কার্গোশেডসহ টার্মিনাল ভবন নির্মাণের জন্য বিআইডব্লিউটিএর ঢাকা কার্যালয় থেকে গত ৯ মে কার্যাদেশ দেওয়া হয়।  প্রায় এক কোটি তিন লাখ টাকার কার্যাদেশ পান ফ্রেন্ডস করপোরেশনের ঠিকাদার আরিফুর রহমান। আর লাহারহাট ঘাটে টার্মিনাল ভবনসহ স্থাপনা নির্মাণে ৯২ লাখ ১৯ হাজার টাকার কার্যাদেশ পান বিজলী কনস্ট্রাকশনের ঠিকাদার বজলুর রহমান। এক বছরের মধ্যে এই কাজ সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয় ঠিকাদারদের।  

বিআইডব্লিউটিএ বরিশাল কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী এ জেড এম শাহনেওয়াজ কবির জানান, লাহারহাট এবং ভেদুরিয়া ফেরিঘাটে টার্মিনাল নির্মাণের জন্য এক একর করে মোট দুই একর জমি প্রয়োজন। এর মধ্যে ভেদুরিয়া ঘাটের জমি সড়ক ও জনপথ অধিদপ্তর শিগগিরই বুঝিয়ে দেবে। আর লাহারহাটের জমি জেলা প্রশাসনের কাছে স্থায়ী বন্দোবস্ত চাওয়া হয়েছে। এ ব্যাপারে জেলা প্রশাসন আশ্বাস দিয়েছে। কাজ শুরু করার অনুমতি চাওয়া হয়েছে। এখনো তা পাওয়া যায়নি।

ভূমি বরাদ্দ না নিয়ে কার্যাদেশ দেওয়া ঠিক হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘সারা দেশে এভাবেই আমাদের কাজ হয়ে থাকে। প্রাথমিক অনুমতি নিয়ে কাজ শুরু করা হয়। পরবর্তী সময়ে মন্ত্রণালয়ের মাধ্যমে স্থায়ী বন্দোবস্ত নেওয়া হয়।

সম্প্রতি সরেজমিনে দেখা গেছে, ঝড়-বৃষ্টিতে দুই ঘাটেই যাত্রী, শ্রমিকদের আশ্রয় নিতে হয় আশপাশের দোকানঘরে। শৌচাগার না থাকায় তাঁদের আশপাশের বাড়ি অথবা উন্মুক্ত স্থানে যেতে হচ্ছে। যাত্রী মো. ইয়াকুব আলী খান বলেন, ফেরিঘাটে কোনো ধরনের সেবা নেই। বিভিন্ন খাতে অর্থ আদায় করা হলেও কোনো সেবা দিচ্ছে না কর্তৃপক্ষ। বিশ্রামাগার ও শৌচাগার না থাকায় যাত্রীদের চরম দুর্ভোগে পড়তে হয়।

ফ্রেন্ডস করপোরেশনের ঠিকাদার আরিফুর রহমান বলেন, কাজ পেতে ইতিমধ্যে অনেক টাকা খরচ হয়েছে। কাজের জন্য এক বছরের সময় দেওয়া হলেও এখন পর্যন্ত জমি হস্তান্তর না হওয়ায় কাজ শুরু করা সম্ভব হচ্ছে না। মূল কাজ শুরু করা সম্ভব না হলেও কয়েক দিন আগে নদীতে পাইলিংয়ের কাজ শুরু করা হয়েছে।

বিজলী কনস্ট্রাকশনের ঠিকাদার বজলুর রহমান বলেন, এই কাজ পেতে ব্যাংক নিশ্চয়তাসহ অনেক টাকা বিনিয়োগ করতে হয়েছে। জমি নিয়ে সমস্যার কারণে কাজ করার নিশ্চয়তা পাওয়া যাচ্ছে না। 

বরিশালের জেলা প্রশাসক শহীদুল আলম বলেন, ‘বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ আমাদের কাছে জমি চেয়ে আবেদন করেছে। আমরা দেওয়ার জন্য প্রস্তুতও আছি।’ কিন্তু জমি ভূমি মন্ত্রণালয়ের মাধ্যমে দিতে হবে। এ ব্যাপারে যত দ্রুত সম্ভব ব্যবস্থা গ্রহণ করা হবে।