যুবক নিহত, নারীসহ আহত ৫, গ্রেপ্তার ২
জায়গাসংক্রান্ত বিরোধের জের সীতাকুণ্ডে দুই পক্ষের সংঘর্ষ
চট্টগ্রামের সীতাকুণ্ডের সোনাইছড়িতে জায়গাসংক্রান্ত বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে মো. সোহেল (২৮) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের নারীসহ আরও চারজন আহত হয়েছেন।
আহত চারজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁরা হলেন নিহত সোহেলের বাবা মো. সাহাব মিয়া (৫০), বোন সুফিয়া বেগম লিপি (৩০) ও শ্বশুর তাজ মোহামঞ্চদ (৪৮), অপর পক্ষের মৃত গোলালুর রহমানের ছেলে মো. হেলাল (২৭) ও দেলোয়ার হোসেন (২৪)। গতকাল শুক্রবার বেলা সাড়ে তিনটায় এ ঘটনা ঘটে।
সীতাকুণ্ড থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় চট্টগ্রাম মেডিকেল পুলিশ দেলোয়ার ও হেলালকে গ্রেপ্তার করেছে।
সীতাকুণ্ড থানার উপপরিদর্শক জয়নাল আবেদিন জানান, উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের দক্ষিণ সোনাইছড়ির ফুলতলা গ্রামের মৃত গোলালুর রহমানের ছেলেদের সঙ্গে প্রতিবেশী সাহাব মিয়ার পরিবারের বাড়ির চলাচলের রাস্তা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।
এর জের ধরে গতকাল বেলা তিনটা থেকে উভয় পরিবারে ঝগড়া শুরু হয়। সাড়ে তিনটায় দা-ছুরি নিয়ে উভয় পক্ষের এলোপাতাড়ি হামলার একপর্যায়ে ছয়জন আহত হন। গুরুতর আহত অবস্থায় পাঁচজনকে চমেক হাসপাতালে নেওয়ার পথে সোহেল মারা যান।
প্রত্যক্ষদর্শী মো. সাহেদ জানান, এক সপ্তাহ আগে উভয় পরিবারের নারীদের ঝগড়ার পর সাহাব মিয়া তাঁর বাড়ির ওপর দিয়ে গোলালুর পরিবারের চলাচলের রাস্তায় বেড়া দিয়ে বন্ধ করে দেন।
গতকাল শুক্রবার জুমার নামাজ শেষে গোলালুর ছেলে হেলাল, দেলোয়ারসহ সাত-আটজন মিলে রাস্তার বেড়া জোর করে ভেঙে দিতে চাইলে উভয় পক্ষে ঝগড়ার একপর্যায়ে সংঘর্ষ লেগে যায়।
চট্টগ্রাম মেডিকেল পুলিশের সহকারী উপপরিদর্শক পঙ্কজ কুমার বড়ুয়া দেলোয়ার ও হেলালকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।