আজ ঢাকায় এশিয়া কাপের ভারত-পাকিস্তানের খেলা দেখতে বাংলাদেশে আসতে চেয়েছিলেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী রেহমান মালিক। কিন্তু প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির বাধার কারণে তিনি আসতে পারছেন না।বাংলাদেশ ক্রিকেট দলের পাকিস্তান সফর নিয়ে নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করতে সম্প্রতি পাকিস্তানে গিয়েছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মোস্তফা কামাল। এ সময় তিনি রেহমান মালিককে ভারত-পাকিস্তানের খেলা দেখার জন্য বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।অভ্যন্তরীণ সূত্র জানায়, পাকিস্তানের বর্তমান পরিস্থিতি, বিশেষ করে করাচিতে মাফিয়া কর্মকাণ্ড এবং পার্লামেন্টের যৌথ অধিবেশনের কারণে মালিককে বাংলাদেশ সফর স্থগিত করতে বলেন জারদারি। গতকাল শনিবার বাংলাদেশের উদ্দেশে রওনা হওয়ার কথা ছিল মালিকের। কিন্তু জারদারির অনুরোধে তিনি শেষ মুহূর্তে সফর বাতিল করেন।সফর বাতিলের বিষয়টি নিশ্চিত করে মালিক জানান, তাঁর পরিবর্তে পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান জাকা আশরাফ খেলার সময় মাঠে উপস্থিত থাকবেন। দ্য নেশন।