জারদৌসি কারিগরদের সেই ব্যস্ততা নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাপড়ে নিপুণ হাতে জারদৌসি বসানোর কাজের জন্য চট্টগ্রাম নগরের আমবাগান বিহারি কলোনির কারিগরদের সুখ্যাতি রয়েছে। কিন্তু বিদেশি পোশাকের ভিড়ে তাঁদের কদর দিন দিন কমতে থাকে। এ কারণে গত কয়েক বছরে কমেছে কারিগরের সংখ্যাও। ছবিটি গত মঙ্গলবার দুপুরে তোলা l সৌরভ দাশ
কাপড়ে নিপুণ হাতে জারদৌসি বসানোর কাজের জন্য চট্টগ্রাম নগরের আমবাগান বিহারি কলোনির কারিগরদের সুখ্যাতি রয়েছে। কিন্তু বিদেশি পোশাকের ভিড়ে তাঁদের কদর দিন দিন কমতে থাকে। এ কারণে গত কয়েক বছরে কমেছে কারিগরের সংখ্যাও। ছবিটি গত মঙ্গলবার দুপুরে তোলা l সৌরভ দাশ

ঘরের মেঝেতে কাঠের ফ্রেমের ওপর বেনারসি শাড়ি। পাশে বিচিত্র রঙের চুমকি, পুঁতি ও পাথর। কারিগর মো. পাপ্পু একমনে শাড়িতে চুমকি-জরি বসাতে ব্যস্ত। চট্টগ্রাম নগরের আমবাগানের ঝাউতলা এলাকার বিহারি কলোনির দৃশ্য এটি।
পবিত্র ঈদুল ফিতর সামনে রেখে বিহারি কলোনির অল্প কয়েকজন জারদৌসি কারিগর এখন ব্যস্ত সময় কাটাচ্ছেন।
বিদেশি কাপড়ের ভিড়ে জৌলুশ হারিয়েছে বিহারি কলোনির জারদৌসি কাজ। একসময় এখানকার এক শর মতো ঘর কিংবা দোকানে
জারদৌসি কিংবা চুমকি-জরির কাজ চলত। এখন ২০-২৫ জন বিক্ষিপ্তভাবে এ কাজ করছেন। বড় কোনো উৎসব ঘিরে তাঁদের কিছু ব্যস্ততা বাড়ে।
পাপ্পু বুটিকসের মালিক মো. পাপ্পু বলেন, ‘পাঁচ-ছয় বছর আগেও আমার অন্তত ২৫ জন কর্মচারী ছিলেন। আর এখন কাজ করেন মাত্র দু-তিনজন কর্মী। একসময় বিভিন্ন মার্কেট থেকে প্রচুর অর্ডার আসত। এখন অর্ডার আসে গুটি কয়েক। তা-ও ঈদের সময়।’ তিনি বলেন, ‘এখন ভারত কিংবা অন্যান্য দেশের কাজ করা শাড়ি ও থ্রিপিস অনেক সস্তায় পাওয়া যাচ্ছে। তাই এখন আর কেউ অর্ডার দেয় না আমাদের।’
পাপ্পু বলেন, ঈদ উপলক্ষে মাত্র দু-তিনটি শাড়ির কাজ পেয়েছেন তিনি।
বিহারি কলোনিতে হাজার খানেক পরিবারের বসবাস। উর্দুভাষী এই জনগোষ্ঠীর সদস্যরা ঐতিহ্যগতভাবে জারদৌসি ও কারচুপির সৃষ্টিশীল কাজ করে আসছেন।

কাজে মগ্ন এক কারিগর l ছবি: প্রথম আলো
কাজে মগ্ন এক কারিগর l ছবি: প্রথম আলো


গত মঙ্গলবার ২৫ বছরের যুবক মো. জনিকে তাঁর ছোট্ট ঘরে একটি থ্রিপিসে কাজ করতে দেখা যায়। তিনি বলেন, ‘এই বছর তিন-চারটি কাজ পেয়েছি। আগে অনেক বেশি অর্ডার পেতাম। এখন অনেক কমে গেছে।’
কাজের মন্দার কারণে এখানকার কারিগরদের বড় একটি অংশ মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে পাড়ি জমিয়েছেন। আবার অনেকে প্রতিষ্ঠিত কিছু বড় বড় বুটিক হাউসে চাকরি করছেন।
নগরের খুলশী এলাকার একটি বুটিক হাউসে কাজ করেন বিহারি কলোনির বাসিন্দা মো. আখতার। তিনি বলেন, ‘এই বুটিক প্রতিষ্ঠানে আমি অনেক দিন ধরে কাজ করছি। আমাদের কমিউনিটির অন্তত ২০ জনকে আমি এই প্রতিষ্ঠানে চাকরি দিয়েছি।’ বুটিক হাউসটিতে অন্তত ৫০ জন কর্মী আছেন। তাঁদের অর্ধেকই বিহারি।
বিহারি কলোনির বাসিন্দা আবদুর রহিম বলেন, ‘একসময় আমিও প্রচুর কাজ পেতাম। এখন আর নেই। মাঝেমধ্যে পেলে করি। এর বাইরে টুকটাক অন্য ব্যবসা করি।’
কলোনির বাসিন্দারা বলেন, আগে ঈদের সময় রাতদিন কাজ করতে হতো। এখন সেই দিন আর নেই।
মুরাদ বুটিকস, সাঈদ বুটিকসসহ বিভিন্ন প্রতিষ্ঠান একসময় খুব জমজমাট থাকলেও এবার প্রতিষ্ঠানগুলো তেমন কোনো কাজ পায়নি বলে খোঁজ নিয়ে জানা গেছে।