
গ্যাসের আগুনে দগ্ধ হয়ে দুই ভাই ও বাবা আগেই চলে গেছেন না-ফেরার দেশে। গতকাল রোববার চলে গেলেন মা-ও। পোড়া হাত-পা নিয়ে একটি পরিবারের শেষ চিহ্ন হিসেবে বেঁচে রইল শুধু নয় বছরের জারিফ বিন নাওয়াজ। নিজের আর কেউ রইল না তার।
দগ্ধ অবস্থায় মৃত্যুর সঙ্গে ১০ দিন লড়াই করে গতকাল রোববার মারা গেছেন জারিফের মা সুমাইয়া খানম। আগুনে তাঁর শরীরের ৯০ শতাংশ পুড়ে গিয়েছিল।
স্বজনদের কাছে ছেলেকে একা রেখে না যাওয়ার ইচ্ছার কথা প্রকাশ করেছিলেন সুমাইয়া। বলেছিলেন, জারিফের জন্য শেষ পর্যন্ত লড়ে যাবেন তিনি। কিন্তু চলে যেতেই হলো তাঁকে, জারিফ রয়ে গেল একাই।
সুমাইয়া লাইফ সাপোর্টে আছেন এমন খবর পেয়ে গতকাল সকাল থেকেই তাঁর স্বজনেরা ভিড় জমান হাসপাতালে। একে একে সবাই তাঁকে শেষবারের মতো দেখে আসেন। ডাক্তাররা বেলা সোয়া তিনটায় তাঁকে মৃত ঘোষণা করেন।
মোহাম্মদপুরের সিটি হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের মেডিকেল অফিসার রাশেদ মাহমুদ সাংবাদিকদের বলেন, বেলা সোয়া তিনটার দিকে সুমাইয়ার মৃত্যু হয়। তখন তাঁর নিজের ও স্বামীর পরিবারের স্বজনদের সঙ্গে কথা বলে লাইফ সাপোর্ট খুলে নেওয়া হয়।
সুমাইয়ার শারীরিক অবস্থার অবনতি হলে শনিবার রাত ১২টায় চিকিৎসকেরা তাঁকে লাইফ সাপোর্টে রাখেন। অপেক্ষাকৃত ভালো চিকিৎসার জন্য গত মঙ্গলবার তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে মোহাম্মদপুরের সিটি হাসপাতালে স্থানান্তর করা হয়েছিল। এরপর থেকে সেখানেই নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন তিনি।
নয় ভাইবোনের মধ্যে সুমাইয়া ছিলেন সবার ছোট। পড়াশোনা করেছেন বরিশাল উইমেন্স কলেজে। বাড়ি বরিশাল শহরের নবগ্রাম সড়কে। বাবা-মা, ভাই-বোনের বড় আদরের ছিলেন তিনি। তাই মৃত্যুর পরও বাবা-মায়ের কবরের পাশে শেষ শয্যা পাতার ইচ্ছার কথা জানিয়ে গেছেন সুমাইয়া। সুমাইয়ার ভাই আবুল হাসানাত খান প্রথম আলোকে বলেন, ‘সুমাইয়ার ইচ্ছা অনুযায়ী তার মরদেহ বরিশাল চৌমাথা কবরস্থানে আমাদের মায়ের কবরের পাশে দাফন করা হবে। একই কবরস্থানে তার দুই ছেলেকেও কবর দেওয়া হয়েছে।’
বেঁচে যাওয়া জারিফকে নিয়ে উদ্বিগ্ন এখন স্বজনেরা। মায়ের মৃত্যুর খবর জানানো হয়নি তাকে। আগুনে ৬ শতাংশ পুড়ে যাওয়া জারিফের মানসিক অবস্থাই ভাবাচ্ছে তাঁদের বেশি। হাসপাতাল থেকে গতকাল সকালে তাকে নিয়ে যাওয়া হয়েছে মামা আবুল হাসানাতের বাসায়। প্রথম আলোকে হাসানাত বলেন, ‘আমরা এখনই তাকে মায়ের মৃত্যুর খবর জানাব না। মায়ের দাফনেও তাকে উপস্থিত রাখা হবে না। ছেলেটার সুস্থতাই এখন মুখ্য বিষয়। ডাক্তাররা তাকে কাউন্সেলিং করার কথা বলেছেন।’
গত ২৬ ফেব্রুয়ারি উত্তরায় গ্যাসের আগুনে দগ্ধ হয় সুমাইয়ার পরিবারের পাঁচ সদস্যের সবাই। ওই দিনই মারা যায় সুমাইয়ার দুই সন্তান সারলিন বিন নাওয়াজ (১৫) ও ১৪ মাস বয়সী জায়ান বিন নাওয়াজ। পরদিন ২৭ ফেব্রুয়ারি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সুমাইয়ার স্বামী শাহনাওয়াজ (৫০)। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের চিকিৎসকেরা জানিয়েছিলেন, শাহনাওয়াজের শরীরের ৯৫, তাঁর স্ত্রী সুমাইয়ার ৯০, সারলিনের ৮৮ ও জায়ানের ৭৪ শতাংশ পুড়ে গিয়েছিল।
২০ ফেব্রুয়ারি উত্তরায় নতুন ভাড়া করা ফ্ল্যাটে পরিবার নিয়ে ওঠেন মার্কিন দূতাবাসের প্রকৌশলী শাহনাওয়াজ। এর ছয় দিন পরই গ্যাসের আগুনে তছনছ হয়ে যায় পুরো পরিবার।