জারিফের মনে অনেক প্রশ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাসপাতালের বিছানায় জারিফ। গতকালের ছবি l প্রথম আলো
হাসপাতালের বিছানায় জারিফ। গতকালের ছবি l প্রথম আলো

জারিফ বিন নাওয়াজের (১১) মনে অনেক প্রশ্ন। কেউ তাকে সরাসরি কিছু বলছে না। তাকে বলা হয়েছে, ওর বাবা, মা, বড় ভাই ও ছোট ভাইকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হয়েছে। কিন্তু চারপাশে অনেকের অনেক কথা শুনছে সে। তাই সুযোগ পেলেই আপনজনদের কথা জানতে চায় জারিফ।
গত ২৬ ফেব্রুয়ারি উত্তরার ১৩ নম্বর সেক্টরের ৮ নম্বর বাড়ির সাততলার একটি ফ্ল্যাটে মার্কিন দূতাবাসের প্রকৌশলী শাহনাওয়াজ সপরিবারে দগ্ধ হন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে আনার পরপরই মারা যায় তাঁর ছেলে শালীন বিন নাওয়াজ (১৫) ও ১৪ মাসের শিশু জায়ান বিন নাওয়াজ। এক দিন পর মারা যান শাহনাওয়াজ (৫০)। শরীরের ৯০ ভাগ পোড়া নিয়ে সিটি হাসপাতালে শাহনাওয়াজের স্ত্রী সুমাইয়া খানমও মারা গেছেন। বেঁচে আছে কেবল জারিফ।
গত বুধবার মোহাম্মদপুরের সিটি হাসপাতালে জারিফের ডান হাত ও পায়ে অস্ত্রোপচার হয়েছে। ডান পায়ের ঊরু থেকে চামড়া নিয়ে ডান হাত এবং ডান পায়ে লাগানো হয়েছে। অস্ত্রোপচারের পর সে হাই ডিপেনডেন্সি ইউনিটে (এইচডিইউ) ভর্তি ছিল। এখন আছে হাসপাতালের ৫১০ নম্বর কেবিনে।
গতকাল বৃহস্পতিবার দুপুরের দিকে হাসপাতালের কেবিনে গিয়ে দেখা যায় অস্ত্রোপচারের ধকলে জারিফ অনেকটাই ক্লান্ত। অস্ত্রোপচারের পর এইচডিইউতে সারা রাত ছটফট করেছে। কান্নাকাটি করেছে। কেবিনে আনার পর থেকে একটু শান্ত হয়েছে, তবে কথা বলছে খুব কম।
জারিফের খালা তাসনিমা খান বলেন, ‘এইচডিইউতে গিয়ে শুধু ওর মায়ের কথা জানতে চায়। ও জানত, ওর মাকে এখানেই রাখা হয়েছিল। বলে, আমার মাকে কোন বিছানায় এনে রাখছিল একটু দেখাও না। একটু পরপর বলে, ওর শ্বাস নিতে কষ্ট হচ্ছে।’
তাসনিমা খান বলেন, ‘ও আমাকে আম্মু ডেকে ফেলে। আবার নিজেই বলে, আম্মু না, খালামণি। নিজেই বলে, আম্মুদের যে কী অবস্থা তা জানি না।’ তাসনিমা জানালেন, জারিফ মাকে ছাড়া এক দিনের জন্যও কোথাও ঘুমাত না। মা খাবার মুখে তুলে না দিলে খেত না। ছোট ভাইকে অসম্ভব ভালোবাসত। তাই ঘুরেফিরে তার কথাও জানতে চায়।
জারিফ নিজেই খালাদের বলেছে, আগুনে বড় ভাইয়ের পুরো মাথা লাল হয়ে গিয়েছিল, সে স্মৃতি তার স্পষ্ট। নিজের মনের অনেক প্রশ্নের উত্তর না পেয়ে রাতে বালিশ গুছিয়ে কান্না করতে করতে ঘুমিয়ে যায়।
দুর্ঘটনার পর থেকে জারিফ মুগদায় তার মামার বাসায় থাকছে। জারিফের খালারা জানালেন, মামি তাকে অনেক ভালোবাসেন। গতকাল হাসপাতালে শুয়ে একটু পরপর জানতে চায় মামি কখন আসবে।
নার্স ইনজেকশন দেওয়ার পর নিজেই ফুঁ দিয়ে যন্ত্রণা কমানোর চেষ্টা করে জারিফ। হাতে ছোট দুটি খেলনা নিয়ে নাড়াচাড়া করে অনেকক্ষণ ধরে। মুঠোফোন সেটে গেম খেলে কিছুক্ষণ। খালাদের এনে দেওয়া চকলেট পাশেই রাখা। একসময় নিজেই ভাত খেতে চায়। খালা উম্মে হাবিবা বিরিয়ানি রান্না করে এনেছেন। একটু খেয়ে আর খায় না। খালারা জানালেন, জারিফের অনেক ধৈর্য।
সিটি হাসপাতালের বার্ন ইউনিটের কনসালট্যান্ট শহীদুল বারী প্রথম আলোকে বলেন, জারিফের ১১ শতাংশ পুড়ে গিয়েছিল। ৬ শতাংশ জায়গায় অস্ত্রোপচার করতে হয়েছে। ক্ষতটা ভালো হলে ওকে মানসিক চিকিৎসা দিতে হবে। জারিফের চাচা কামরুল আহসান জানালেন, ঘটনার পর পুলিশ বাদী হয়ে মামলা করেছে। মামলার তদন্ত চলছে। দুই পরিবার চেষ্টা চালাচ্ছে জারিফকে ভালো করে তুলতে।