জারিফের হাত ও পায়ে অস্ত্রোপচার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উত্তরায় গ্যাসের আগুনে দগ্ধ হওয়া পরিবারের একমাত্র বেঁচে যাওয়া সন্তান জারিফ বিন নাওয়াজের ডান হাত ও পায়ে অস্ত্রোপচার করা হয়েছে। গতকাল বুধবার রাতে রাজধানীর মোহাম্মদপুরের সিটি হাসপাতালে তার এ অস্ত্রোপচার করা হয়।
সিটি হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের মেডিকেল অফিসার মুহাম্মদ সাঈদ ইমরান প্রথম আলোকে বলেন, সন্ধ্যা ছয়টা থেকে সাড়ে সাতটা পর্যন্ত জারিফের অস্ত্রোপচার করা হয়। তার ডান পায়ের ঊরু থেকে চামড়া নিয়ে ডান হাতে এবং পায়ে লাগানো হয়েছে। অস্ত্রোপচারের পর সে হাই ডিপেনডেন্সি ইউনিটে (এইচডিইউ) ভর্তি আছে। সবকিছু ঠিকঠাক থাকলে সকালেই তাকে কেবিনে পাঠিয়ে দেওয়া হবে।
গত ২৬ ফেব্রুয়ারি উত্তরায় গ্যাসের আগুনে দগ্ধ হয় জারিফের পরিবারের পাঁচ সদস্যের সবাই। ওই দিনই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় তার দুই ভাই সারলিন বিন নাওয়াজ (১৫) ও ১৪ মাস বয়সী জায়ান বিন নাওয়াজ। পরদিন মারা যান তার বাবা মো. শাহনাওয়াজ (৫০)। দগ্ধ অবস্থায় মৃত্যুর সঙ্গে ১০ দিন লড়াই করে ৬ মার্চ মারা যান তার মা সুমাইয়া খানমও। বেঁচে আছে শুধু নয় বছরের জারিফ।