জার্মান গবেষক দলের রাজশাহী সফর বাতিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘নিরাপত্তাহীনতার’ কারণ দেখিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় সফর বাতিল করেছে জার্মানির দুই বিজ্ঞানী ও চার গবেষকের সমন্বয়ে গঠিত একটি দল। ২২ দিনের সফরে কাল বুধবার দলটির রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসার কথা ছিল।

বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগ সূত্রে জানা যায়, দুই দেশের শিক্ষা বিনিময় কর্মসূচির অংশ হিসেবে কাল জার্মানি থেকে দলটির বাংলাদেশে আসার কথা ছিল। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী আগামী শুক্রবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দলটিতে থাকা দুই বিজ্ঞানীর একটি সিম্পোজিয়ামে অংশগ্রহণ করার কথা ছিল। কিন্তু ঢাকায় গত ২৮ সেপ্টেম্বর ইতালীয় নাগরিক হত্যার পর এই সফর বাতিল করে গবেষক দলটি। সিম্পোজিয়ামে অংশগ্রহণ ছাড়াও গবেষণা কাজের অংশ হিসেবে দলটির খুলনা, সাতক্ষীরা অঞ্চলে সুন্দরবন ভ্রমণের কথা ছিল।
প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ও এই সফরের সমন্বয়কারী বিধান চন্দ্র দাস প্রথম আলোকে বলেন, ‘শিক্ষা বিনিময় কর্মসূচির অংশ হিসেবে আমাদের শিক্ষার্থীরা গবেষণার জন্য জার্মানি যান। গবেষণার জন্য তাদেরও চারজন শিক্ষার্থীর বিশ্ববিদ্যালয়ে আসার কথা ছিল। ঢাকায় ইতালীয় নাগরিক খুন হওয়ার পরে ওই দলের পক্ষকে জানানো হয়, বাংলাদেশের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি বিবেচনা করে বিজ্ঞানী ও গবেষকেরা সফরে যেতে অনাগ্রহ প্রকাশ করেছেন। তাঁরা বলেছেন, নিরাপত্তা ঝুঁকি নিয়ে দেশের বিভিন্ন স্থানে গবেষণা কাজ করা সম্ভব নয়।’
অধ্যাপক বিধান চন্দ্র বলেন, ‘যেহেতু গবেষক দলটি দেশের বিভিন্ন অঞ্চল ভ্রমণ করবে, তাই তাদের নিরাপত্তার বিষয়ে আমরা আর আশ্বস্ত করতে পারিনি।’
এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের সহউপাচার্য অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহান প্রথম আলোকে বলেন, ‘কিছু বিচ্ছিন্ন ঘটনার জন্য সারা দেশেই বিদেশিরা তাঁদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। তবে এ বিষয়টি রাষ্ট্র অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছেন। দ্রুত এই পরিস্থিতির উত্তরণ হলে তাঁরা সফরে আসবে বলে আমরা মনে করি।’