জার্মান রাষ্ট্রদূতের উদ্বেগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নৃশংস জোড়া হামলা চালিয়ে ঢাকায় শনিবার এক প্রকাশককে হত্যা এবং আরেক প্রকাশকসহ দুই কবি ও ব্লগারকে গুরুতর জখম করার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে জার্মানি। বাংলাদেশে বাক স্বাধীনতা ‘সংকুচিত’ হওয়ায় উদ্বেগ প্রকাশ করে দেশটি এসব ঘটনা তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে।

ঢাকায় নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত থমাস প্রিঞ্জ দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে এ উদ্বেগ প্রকাশ করেন। শনিবারের জোড়া হামলা ছাড়াও পুরান ঢাকায় শিয়া সম্প্রদায়ের ওপর বোমা হামলা এবং দেশে ধর্মীয় সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন তিনি।

গতকাল শনিবার নৃশংস হামলায় প্রকাশনা প্রতিষ্ঠান জাগৃতির প্রকাশক ফয়সাল আরেফিন দীপনকে হত্যা করা হয়। একই দিন প্রকাশনা প্রতিষ্ঠান শুদ্ধস্বরের প্রকাশক আহমেদুর রশীদ চৌধুরী ও তাঁর সঙ্গে থাকা দুই ব্লগার তারেক রহিম ও রনদীপম বসু হামলায় গুরুতর জখম হন। বিজ্ঞপ্তিতে থমাস প্রিঞ্জ নিহত এবং আহতদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনাও জানান।

জার্মান রাষ্ট্রদূত বলেন, ‘বাংলাদেশে সম্প্রতি মুক্তমনা মানুষদের ওপর হামলার ঘটনা গভীর উদ্বেগের। ধর্মনিরপেক্ষতা এ দেশের অন্যতম একটি মূল্যবোধ। বিভিন্ন ধর্মের ও মতের শান্তিপূর্ণ সহ-অবস্থানের জন্য বিশ্বে বাংলাদেশের ব্যাপক পরিচিতি আছে। সাম্প্রতিক হামলার ঘটনাগুলো শুধু কোনো ব্যক্তির ওপর নয়, এগুলো মত প্রকাশের স্বাধীনতার মৌলিক অধিকারের ওপর।’

মুক্তমনা মানুষদের নিরাপত্তা দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে রাষ্ট্রদূত থমাস প্রিঞ্জ বলেন, এসব হামলার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিচারের আওতায় আনতে হবে। তা না হলে এসব বর্বরোচিত হামলা বাংলাদেশের উন্নয়ন ধারাকে ব্যাহত করবে। বাক স্বাধীনতা ও ধর্মীয় স্বাধীনতা রক্ষায় বাংলাদেশ সরকারকে সব ধরনের সহযোগিতার কথাও বলেন তিনি।

আরও পড়ুন: