জার্মানি সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

মিউনিখ নিরাপত্তা সম্মেলন উপলক্ষে জার্মানিতে তিন দিনের সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁকে ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী উড়োজাহাজ গতকাল রোববার রাত ৮টায় রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলের আমন্ত্রণে আন্তর্জাতিক নিরাপত্তানীতি-সংক্রান্ত বার্ষিক সভা ৫৩তম মিউনিখ নিরাপত্তা সম্মেলনে যোগ দিতে গিয়েছিলেন শেখ হাসিনা। সম্মেলনে যোগ দেওয়ার পাশাপাশি ম্যার্কেলের সঙ্গে তাঁর দ্বিপক্ষীয় বৈঠকও হয়। প্রধানমন্ত্রী ‘ক্লাইমেট সিকিউরিটি: গুড কপ, ব্যাড কপস’ শীর্ষক একটি প্যানেল আলোচনায় অংশ নেন।
জার্মানিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইউরোপের বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের দেওয়া এক নাগরিক সংবর্ধনায়ও যোগ দেন।
শেখ হাসিনার সফরসঙ্গীদের মধ্যে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব কামাল আবদুল নাসের চৌধুরী, পররাষ্ট্রসচিব মো. শহীদুল হক, স্বরাষ্ট্রসচিব কামালউদ্দিন আহমেদ ও প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম।
মিউনিখ নিরাপত্তা সম্মেলনে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানসহ প্রায় ৪৫০ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন। ১৯৫৩ সালে এই নিরাপত্তা সম্মেলন শুরু হয়। নিরাপত্তাবিষয়ক আলোচনার জন্য পাঁচ দশকেরও বেশি সময় ধরে এটি অন্যতম বৈশ্বিক মঞ্চ।
প্রধানমন্ত্রী জার্মানির স্থানীয় সময় শনিবার রাতে ঢাকার উদ্দেশে মিউনিখ আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেছিলেন। পথে গতকাল রোববার তিনি সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে যাত্রাবিরতি করেন। সেখানে সাড়ে ছয় ঘণ্টা অবস্থানের পর স্থানীয় সময় দুপুরে ঢাকার উদ্দেশে রওনা হন।