জার্মানিতে আরও দুটি জাহাজ রপ্তানি ওয়েস্টার্ন মেরিনের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাজ নির্মাতাপ্রতিষ্ঠান ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড জার্মানিতে আরও দুটি জাহাজ রপ্তানি করেছে। একই সঙ্গে দুটি সরকারি সংস্থার ব্যবহারের জন্য আরও দুটি নৌযান হস্তান্তর করেছে প্রতিষ্ঠানটি।গতকাল শুক্রবার বন্দরের মেরিন ওয়ার্কশপ ঘাটে জার্মান ক্রেতা গ্রোনা শিপিংয়ের কাছে এই দুটি জাহাজ হস্তান্তর করা হয়। জাহাজ দুটির দাম প্রায় ২০০ কোটি টাকা। গতকাল আনুষ্ঠানিকভাবে ‘এমসটাইড’ এবং ‘এমসওয়েভ’ নামে জাহাজ দুটি ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের কাছ থেকে গ্রহণ করেন জার্মানির গ্রোনা শিপিংয়ের ব্যবস্থাপনা পরিচালক এ্যাব প্রিন্স। গ্রোনা শিপিং কোম্পানির কাছে এ নিয়ে মোট ছয়টি জাহাজ রপ্তানি করল প্রতিষ্ঠানটি।এ ছাড়া চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের জন্য তৈরি পাইলট জাহাজ ‘পিভি রক্ষী’ এবং বিআইডব্লিউটিসির জন্য নির্মিত রো রো ফেরি ‘বীরশ্রেষ্ঠ মোঃ রুহুল আমিন’ নামে দুটি নৌযানও হস্তান্তর করা হয়। বন্দর চেয়ারম্যান কমোডর এম আনওয়ারুল ইসলাম এবং বিআইডব্লিউটিসির চেয়ারম্যান গোলাম মোস্তফা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে জাহাজ দুটি গ্রহণ করেন। এই দুটি নৌযানের মূল্য ৪২ কোটি টাকা।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নৌপরিবহনমন্ত্রী শাহজাহান খান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাংসদ আখতারুজ্জামান চৌধুরী, নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব আবদুল মান্নান হাওলাদার, রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান জালাল আহমেদ, বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডের রাষ্ট্রদূত আলপস জে এ জে এম জি হেনিক্যানস, জার্মান দূতাবাসের উপপ্রধান মি. রলফ ডাইটার রেইনহার্ড। অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের চেয়ারম্যান সাইফুল ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক মো. সাখাওয়াত হোসেন। অনুষ্ঠানে বীরশ্রেষ্ঠ মো. রুহুল আমিনের তিন মেয়ে নূরজাহান বেগম, ফাতেমা বেগম, রাজিয়া বেগম এবং ছেলে সওকাত আলী উপস্থিত ছিলেন।