জার্মানিতে শহীদ মিনার হবে বাড়াবে উন্নয়ন সহযোগিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহান ভাষা আন্দোলনে শহীদদের আত্মত্যাগের মূল্যায়ন ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের গুরুত্ব অনুধাবন করে জার্মানিতে শিগগিরই শহীদ মিনার নির্মাণ করা হবে। গত বুধবার জার্মানির রাজধানী বার্লিনে স্থানীয় সময় বেলা ১১টার দিকে পররাষ্ট্রমন্ত্রী ও ডেপুটি চ্যান্সেলর গিউডো ভেস্টারভেলের সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির দ্বিপক্ষীয় বৈঠকে জার্মানির পক্ষ থেকে এ কথা জানানো হয়। বৈঠকে জার্মান পররাষ্ট্রমন্ত্রী প্রতিশ্রুতি দেন, বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে এবং জলবায়ুগত কারণে সংকটের ক্ষেত্রসহ বিকল্প জ্বালানি উদ্ভাবনে বাংলাদেশের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমে জার্মান সরকার উন্নয়ন সহযোগিতা বাড়াবে। এ কথা জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি প্রথম আলোকে জানান, জলবায়ুর বিবর্তনে বাংলাদেশের সমূহ ক্ষতিসহ ডিজিটাল বাংলাদেশ গড়তে এবং বিকল্প জ্বালানি প্রকল্পগুলোয় জার্মানির যে অভিজ্ঞতা রয়েছে সেই ব্যাপারেও তারা বাংলাদেশকে আন্তরিকভাবে সহযোগিতা করবে বলে জানিয়েছে।জার্মান পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দীপু মনির ওই বৈঠকে দুই দেশের সাংস্কৃতিক সহযোগিতা সম্পর্কিত একটি সমঝোতা স্মারকও সই হয়েছে। একই সঙ্গে দুই মন্ত্রীর উপস্থিতিতে বাংলাদেশের অমনি গ্রুপ এবং জার্মানির কমোরস্কি গ্রুপের মধ্যে বাংলাদেশে কনটেইনার শাটল জাহাজ চলাচলসংক্রান্ত একটি সমঝোতা স্মারকও স্বাক্ষরিত হয়। সূত্র জানায়, পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনার পাশাপাশি গত এপ্রিল মাসে অনুষ্ঠিত পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠকের অগ্রগতি নিয়েও আলোচনা হয়। বৈঠকে দীপু মনি জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশের অভিযোজন প্রক্রিয়ায় দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় সহযোগিতা বাড়ানোর জন্য জার্মান পররাষ্ট্রমন্ত্রীকে আহ্বান জানান। তিনি নবায়নযোগ্য শক্তি এবং পরিবেশবান্ধব উন্নয়ন প্রক্রিয়ায় বাংলাদেশকে কারিগরি সহযোগিতা ও বিনিয়োগ বাড়ানোরও আহ্বান জানান। এ ছাড়া পররাষ্ট্রমন্ত্রী জাতিসংঘসহ অন্যান্য বহুপক্ষীয় আন্তর্জাতিক সংস্থায় দ্বিপক্ষীয় সমর্থন ও সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। এদিকে পররাষ্ট্রমন্ত্রী বুধবার জার্মানির স্থানীয় সময় বেলা দুইটায় ঐতিহাসিক হুমবোল্ট বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে ‘বাংলাদেশের পররাষ্ট্রনীতি: চ্যালেঞ্জ ও সম্ভাবনা’ বিষয়ে বক্তব্য দেন। অনুষ্ঠানে তিন শতাধিক বিশেষজ্ঞ উপস্থিত ছিলেন। একই দিন সন্ধ্যায় জার্মানির কনরাড-অ্যাডেনআওয়ার ফাউন্ডেশনে ‘জলবায়ু পরিবর্তন, খাদ্য ও জ্বালানি নিরাপত্তা: ২১ শতকের বাংলাদেশের চ্যালেঞ্জসমূহ’ বিষয়ে বক্তব্য দেন। এতে জার্মান সরকারের এমপি, রাজনীতিক, শিক্ষাবিদসহ ২০০ জন বিশিষ্ট ব্যক্তি অংশ নেন। পররাষ্ট্রমন্ত্রী এতে বাংলাদেশে বৈশ্বিক জলবায়ু পরিবর্তন অভিযোজন কেন্দ্র স্থাপনের দাবি পুনর্ব্যক্ত করেন। এর আগে গত মঙ্গলবার বিকেলে জার্মানির অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়নবিষয়ক মন্ত্রী ডিয়ার্ক নিবেল পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির সঙ্গে এক বৈঠকে ‘ডিজিটাল বাংলাদেশ’ কর্মসূচিতে সহযোগিতার আশ্বাস দেন।মঙ্গলবার সকালে পররাষ্ট্রমন্ত্রী জার্মানির বন শহরের মেয়র জুরগেন নিমটসের সঙ্গে বৈঠক করে বাংলাদেশের বড় শহরগুলোর কর্তৃপক্ষের সঙ্গে সহযোগিতা বৃদ্ধির আহ্বান জানান। এর আগে তিনি হুমবোল্ট ফাউন্ডেশনের নতুন প্রকল্প ইন্টারন্যাশনাল কাইমেট চেঞ্জ ফেলোশিপের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন এবং ডয়েচে ভ্যালের সদর দপ্তর পরিদর্শন করেন।