জার্মানিতে সামাজিক ব্যবসা সম্মেলন অনুষ্ঠিত
জার্মানির উলফস্বার্গের অটোস্ট্যাটে দুই দিনব্যাপী বৈশ্বিক সামাজিক ব্যবসা সম্মেলন ২০১০ অনুষ্ঠিত হয়েছে। ৪ ও ৫ নভেম্বর এ সম্মেলন অনুষ্ঠিত হয়। গতকাল বুধবার ঢাকার ইউনূস সেন্টার থেকে এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, নোবেল শান্তি পুরস্কার বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস এবং জার্মানির গ্রামীণ ক্রিয়েটিভ ল্যাব সম্মেলনের আয়োজন করে। বিশ্বের বিভিন্ন দেশের মন্ত্রী, গভর্নর ও মেয়রসহ প্রায় ৩০০ প্রতিনিধি এতে যোগ দেন। ড. ইউনূস ছাড়াও এতে যোগ দেন ডানোন গ্রুপের সহ-প্রধান নির্বাহী কর্মকর্তা (কো-সিইও) ইমানুয়েল ফেবার, অ্যাডিডাস এজির প্রধান নির্বাহী কর্মকর্তা হার্বার্ট হেইনার, বিএএসএফের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ড. জিওর্গেন হ্যামব্রেশট, অটো গ্রুপের চেয়ারম্যান ড. মিশেল অটো, জনপ্রিয় লেখক পাওলো কোয়েলো, অস্কারজয়ী চলচ্চিত্র নির্মাতা শেখর কাপুর এবং লুক্সেমবার্গের গ্র্যান্ড ডাচেস মারিয়া তেরেসা প্রমুখ। সম্মেলনে তাঁরা সামাজিক ব্যবসা-সম্পর্কিত নিজ নিজ অভিজ্ঞতা ও বক্তব্য তুলে ধরেন।এ সময় গ্রামীণ ক্রিয়েটিভ ল্যাব ও চলচ্চিত্রকার শেখর কাপুরের মধ্যে একটি সমঝোতা স্মারক চুক্তি হয়।