জার্মানির কাছে জাহাজ দুটি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জার্মানির গ্রোনা শিপিং কোম্পানির কাছে জাহাজ দুটি হস্তান্তর করেছে বাংলাদেশের নির্মাণকারী প্রতিষ্ঠান ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড। গতকাল শুক্রবার সকালে চট্টগ্রাম ড্রাই ডক জেটি থেকে জাহাজ দুটি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়াসহ পাঁচজন অতিথি প্রায় ৫৫ কেজি ওজনের বিশাল কেক এবং ফিতা কেটে জাহাজ হস্তান্তর অনুষ্ঠান উদ্বোধন করেন। এ সময় জাহাজের পাটাতনে বাজছিল নৌবাহিনীর বাদকদলের বাদ্যযন্ত্র। জানা গেছে, ‘গ্রোনা অ্যামারসাম’ ও ‘গ্রোনা বিয়েস্সাম’ নামে এই দুটি জাহাজের মূল্য প্রায় ১৬০ কোটি টাকা। বিদেশি বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে দেশীয় প্রকৌশলীরা চট্টগ্রামের ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডে এই দুটি জাহাজ তৈরি করেছেন। গ্রোনা শিপিং কোম্পানির কাছ থেকে ১২টি জাহাজের রপ্তানির প্রস্তাব পেয়েছিল ওয়েস্টার্ন মেরিন।উদ্বোধনী অনুষ্ঠানে শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া বলেন, সরকার জাহাজ নির্মাণ শিল্প বিকাশে সব ধরনের সহযোগিতা করছে। ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের সাফল্যের মাধ্যমে বিশ্বের জাহাজ নির্মাণ শিল্পের বাজারে নতুন ভাবমূর্তি তৈরি করছে বাংলাদেশ।জার্মানির পররাষ্ট্র দপ্তরের সচিব মার্টিন বিয়েসল বলেন, জাহাজ নির্মাণ শিল্পে বাংলাদেশ নতুন অধ্যায়ের সূচনা করেছে। জাহাজ নির্মাণের মতো উচ্চ প্রযুক্তির পণ্য তৈরি করে স্বল্পোন্নত দেশের পর্যায় থেকে বাংলাদেশের উত্তরণ ঘটবে। বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত হোলগার মিখাইল বলেন, জাহাজ রপ্তানির মাধ্যমে বাংলাদেশ-জার্মান সম্পর্কে নতুন অধ্যায় সূচিত হলো। অনুষ্ঠানে ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের চেয়ারম্যান সাইফুল ইসলাম বলেন, ২০০০ থেকে ২০০৭ সাল পর্যন্ত এই শিপইয়ার্ড দেশে ব্যবহারের জন্য ৫৪টি জাহাজ নির্মাণ করেছে। ২০০৭ সালের পর আন্তর্জাতিক বাজারে প্রবেশের পর বড় আকারের এই দুটি জাহাজ রপ্তানি হচ্ছে।ব্যবস্থাপনা পরিচালক শাখাওয়াত হোসেন বলেন, ৩৮টি ইউরোপীয় কোম্পানির পণ্য দিয়ে তৈরি এই দুটি জাহাজে তিন হাজার টন লোহা ব্যবহূত হয়েছে। প্রায় ২২ কিলোমিটার মেরিন কেব্ল এবং মরিচা প্রতিরোধ ও সৌন্দর্যবর্ধনের জন্য ব্যবহার করা হয়েছে ২৪ হাজার লিটার রং। প্রায় ১০০ মিটার লম্বা এই জাহাজে পণ্যের ধারণক্ষমতা পাঁচ হাজার ২০০ টন। ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম বলেন, ‘শত প্রতিকূলতার মধ্যেও ওয়েস্টার্ন মেরিন লক্ষ্য অর্জনে সফল হয়েছে। এখন আমরা আরও বড় অর্জনের লক্ষ্যে এগিয়ে যাব।’ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ওয়েস্টার্ন মেরিনের পরিচালক জালাল খালেদ ও আরিফুর রহমান, ইস্ট উইন্ড জার্মানির লারস ব্রেনেকি, এবি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কায়সার এ চৌধুরী। এ সময় সাংসদ মইনুদ্দিন খান, এম এ লতিফ, শামসুল হক চৌধুরী, জেলা প্রশাসন, রাজস্ব বোর্ড, চট্টগ্রাম বন্দর, বাংলাদেশ ব্যাংকসহ বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জানা গেছে, এ দুটি জাহাজে সৌর ও বায়ু বিদ্যুৎ প্রকল্পের যন্ত্রপাতি পরিবহন করা হবে। জাহাজ দুটি হিমশীতল ও প্রতিকূল পরিবেশে স্বচ্ছন্দে চলাচলে সক্ষম। সেন্ট জনসের পতাকাবাহী জাহাজ দুটির গতি ১২ নটিক্যাল মাইল হলেও প্রাথমিক সমুদ্র মহড়ায় সর্বোচ্চ গতি ওঠে ১৪ দশমিক তিন নটিক্যাল মাইল। আন্তর্জাতিক নৌ-সংস্থার সর্বশেষ নির্দেশনা এবং জার্মানশিয়র লয়েডের নিবিড় তত্ত্বাবধানে জাহাজ দুটি নির্মাণ করা হয়েছে। ওয়েস্টার্ন মেরিন জাহাজ দুটি নির্মাণে সর্বোচ্চ মান বজায় রেখেছে বলে জানান জাহাজের মালিকপক্ষের প্রতিনিধি মার্কু ভেডর।