জার্মানির জয়ে ভূরিভোজ করালেন কৃষক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপ ফুটবলে জার্মানি চ্যাম্পিয়ন হওয়ায় গতকাল সোমবার রাতে এলাকাবাসীকে ভূরিভোজ করিয়েছেন কুড়িগ্রামের এক জার্মান-ভক্ত। তাঁর নাম মিজানুর রহমান। তিনি পেশায় কৃষক।

সদর উপজেলার কাঁঠালবাড়ি ইউনিয়নের প্রামানিকটারী গ্রামে মিজানুরের বাড়িতে গিয়ে দেখা যায়, প্যান্ডেলে চেয়ার-টেবিল বসিয়ে প্রায় ৫০০ নারী, পুরুষ ও শিশুকে খাওয়ানো হচ্ছে। খাদ্য তালিকায় ছিল পোলাও, মাংস ও ডাল। সঙ্গে ছিল আম, কাঁঠালের ব্যবস্থাও। খাবারের আগে জার্মানি ও বাংলাদেশের মঙ্গল কামনা করে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। মিলাদ শেষে সবাইকে মিষ্টিমুখ করানো হয়।

মিজানুরের দেওয়া ভূরিভোজে এলাকাবাসী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। খাওয়া শেষে সাইফুল নামের এক দোকানি বললেন, ‘চাচার জন্যে (মিজানুর) হামরা প্রথম থাকি জার্মানিক সাফট দিয়া আসছি। তিনি তখনে কছিল চেম্পিয়ান হইলে খাওয়া দেম। চাচা কথা রাখছে।’ স্থানীয় যুবক সুমন ও রাসেল (২৫) বললেন, ‘খাবার দারুণ হইছে। প্যাট ভরে খাইছি।’ কিসের খাওয়া, জানতে চাইলে সকিনা বেওয়া নামে এক বৃদ্ধার জবাব, ‘জামান দ্যাশ জিতছে, তারে খাওয়া।’

ভূরিভোজের আয়োজক কৃষক মিজানুর জানালেন, এবারের বিশ্বকাপে এলাকার বেশির ভাগ মানুষ ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থন করলেও তিনি শুরু থেকে জার্মানিকে সমর্থন করে আসছিলেন। জার্মানির প্রতিটি ম্যাচের রাতে ভক্তদের নিয়ে ভোজের আয়োজন করেছেন তিনি। মনেপ্রাণে চেয়েছিলেন জার্মানরা চ্যাম্পিয়ন হোক। প্রত্যাশা পূরণ হওয়ায় সানন্দে এলাকাবাসীর জন্য ভূরিভোজের আয়োজন করেছেন তিনি।