জার্মানির ভক্ত আমজাদের কাণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আমজাদ হোসেনের তৈরি সাড়ে ৫ কিলোমিটার দীর্ঘ জার্মানির পতাকা গতকাল আনুষ্ঠানিকভাবে প্রদর্শন করা হয়। মাগুরার চাউলিয়া ইউনিয়নের নিশ্চিন্তপুর নিম্ন মাধ্যমিক বিদ্যালয় মাঠে।  প্রথম আলো
আমজাদ হোসেনের তৈরি সাড়ে ৫ কিলোমিটার দীর্ঘ জার্মানির পতাকা গতকাল আনুষ্ঠানিকভাবে প্রদর্শন করা হয়। মাগুরার চাউলিয়া ইউনিয়নের নিশ্চিন্তপুর নিম্ন মাধ্যমিক বিদ্যালয় মাঠে। প্রথম আলো

মাঠের চারপাশজুড়ে একটি জার্মানির পতাকা। সমর্থকেরা ধরে আছেন সেটা। এখানেই শেষ নয়, মাঠের মাঝে একটি মিনি ট্রাকে গোল করে মোড়ানো পতাকার বাকি অংশ। সাড়ে ৫ কিলোমিটার দীর্ঘ এই পতাকাটি তৈরি করেছেন আমজাদ হোসেন ওরফে পতাকা আমজাদ।

মঙ্গলবার সকালে মাগুরা সদর উপজেলার চাউলিয়া ইউনিয়নের নিশ্চিন্তপুর নিম্ন মাধ্যমিক বিদ্যালয় মাঠে পতাকাটি আনুষ্ঠানিকভাবে প্রদর্শন করেন জার্মান দূতাবাসের শিক্ষা ও সংস্কৃতিবিষয়ক কর্মকর্তা তামারা কবির ও অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার ক্যারেন উর্জারা। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম ও স্থানীয় চাউলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান।

আমজাদ হোসেন মাগুরা সদরের ঘোড়ামারা গ্রামের নেহাল উদ্দিন মোল্যার ছেলে। পেশায় কৃষক। ১৯৮৭ সালে তিনি কঠিন রোগে আক্রান্ত হন। সে সময় অনেক চিকিৎসা নিয়েও কোনো সুফল পাননি। শেষে মাগুরার এক চিকিৎসকের পরামর্শে জার্মানির হোমিওপ্যাথিক ওষুধ সেবন করেন। এতেই তিনি সুস্থ হয়ে ওঠেন। সেই থেকে তিনি জার্মানির ভক্ত বনে যান। ফুটবল বিশ্বকাপ এলে জার্মানি ছাড়া চিন্তাই করতে পারেন না।

আমজাদ হোসেন জানান, ২০১৪ সালে ফুটবল বিশ্বকাপের সময় সাড়ে ৩ কিলোমিটার দীর্ঘ পতাকা তৈরির জন্য তিনি ২০ শতক জমি বিক্রি করেন। কিন্তু সেই টাকার বেশির ভাগ অন্য কাজে খরচ হয়ে যায়। পরে আরও ৩০ শতক জমি বিক্রি করেন। জমি বিক্রির দেড় লাখ টাকা দিয়ে তিনি পতাকাটি তৈরি করেন। এ জন্য তিনজন দরজিকে নিয়োগ করেন। তাদের মজুরি দিতে হয়েছিল প্রায় ৪০ হাজার টাকা।

এবার ওই তিনজন দরজি ছাড়াও আরও কয়েকজন দরজি কাজ করেছেন। তাঁরা সবাই মিলে সাড়ে ৫ কিলোমিটার দীর্ঘ পতাকাটি তৈরি করেছেন। এতে খরচ হয়েছে দুই লক্ষাধিক টাকা। পতাকা তৈরির জন্য এবার ১০ শতক জমি বিক্রি করেছেন বলে জানান আমজাদ হোসেন।

প্রসঙ্গত, ২০১৪ ফুটবল বিশ্বকাপে জমি বিক্রি করে পতাকা তৈরি করে আলোড়ন সৃষ্টি করেছিলেন কৃষক আমজাদ। টুর্নামেন্টে জার্মানি চ্যাম্পিয়ন হলে বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত নিজে মাগুরার ঘোড়ামারা গ্রামে আমজাদের বাড়িতে ছুটে আসেন। জার্মান চার্জ দ্য অ্যাফেয়ার্স ফার্দিনান্দ ফন ফার্সি ওয়েহে তাঁকে মাগুরা স্টেডিয়ামে জার্মানির পক্ষ থেকে সংবর্ধনা ও লিখিতভাবে জার্মান ফ্যান ক্লাবের সদস্যপদ দেন। জার্মানি চ্যাম্পিয়ন হওয়ার পর আমজাদ গণভোজের আয়োজন করেন, যা বাংলাদেশ, জার্মানিসহ আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত হয়।

আমজাদ হোসেন বলেন, ‘টাকা খরচের বিষয় নিয়ে আমি মোটেই চিন্তিত নই। জার্মানি বিশ্ব চ্যাম্পিয়ন হলে আমি আরেকটি জমকালো অনুষ্ঠানের আয়োজন করব।’